আলী যাকের, মফিদুল হক পেলেন আলতাফ মাহমুদ পদক
‘শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক ২০১৭' পেলেন নাট্যাভিনেতা ও নির্দেশক আলী যাকের এবং শিল্পসমালোচক-মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক।
বুধবার সন্ধ্যায় শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে তাদের হাতে এ পদক তুলে দেওয়া হয়৷
পুরস্কার হিসেবে তাদেরকে পদক, উত্তরীয় ও দশ হাজার টাকা মূল্যমানের আর্থিক সম্মাননা দেওয়া হয়৷
২০০৫ সাল থেকে প্রতি বছর ৩০ অগাস্ট আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে নিয়মিত এই আয়োজন করে আসছে সংগঠনটি।
বুধবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় উপস্থিতি ছিলেন আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ, মেয়ে শাওন মাহমুদ, বোন শিমুল ইউসুফ, মঞ্চনাটক ও চলচ্চিত্র নির্মাতা-নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ।
পদকপ্রাপ্তির অনুভূতি জানাতে নাট্যব্যক্তিত্ব আলী যাকের বলেন, “আমি একুশে পদক পদক পেয়েছি ১৯৯৯ সালে৷ কিন্তু একুশ যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই আলতাফ মাহমুদের নামাঙ্কিত এ পুরস্কার না পাওয়ার অতৃপ্তি ছিল৷ আজ এ পুরস্কার পাওয়ায় আমি পরিপূর্ণ হলাম৷ আমি আলতাফ মাহমুদ থেকে অনুপ্রাণিত ও উজ্জীবিত৷ যতদিন বেঁচে আছি, তার দেখানো পথেই পথ চলব৷”
মফিদুল হক বলেন, “আমি নেপথ্যকর্মী হিসেবে জীবনকে দেখেছি, চলার চেষ্টা করেছি৷ জীবন নানা সম্পদে আমাকে সমৃদ্ধ করেছে৷ আজকের এ পুরস্কারপ্রাপ্তির যোগ্যতা আমার নেই৷ নেপথ্যচারী জীবনে এ অর্জন অনেক বড় অর্জন৷”
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “ত্রিশ লাখ শহীদের আত্মদানে অর্জিত এ দেশ৷ তবে এটাকে শুধু পরিসংখ্যানের হিসেবে বিশ্লেষণ করলে হবে না৷ কারণ এর পেছনে কত আত্মত্যাগ রয়েছে তা অজানা থেকে যায়৷ তেমনিই আত্মত্যাগী মানুষ ছিলেন আলতাফ মাহমুদ৷”
পরে সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর উপর নাসির উদ্দীন ইউসুফ নির্মিত প্রামাণ্যচিত্রের অংশবিশেষ দেখানো হয়৷ এরপর কবিতা পাঠ করেন কৃষ্ণেন্দু ও সঙ্গীত পরিবেশন করেন জয়িতা৷ মনিকা পাঠ করেন বাবাকে নিয়ে শাওন মাহমুদের একটি লেখার অংশবিশেষ৷
আয়োজক শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের সদস্য সচিব ও শহীদ কন্যা শাওন মাহমুদ জানান, একুশের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২০০৫ সালে গঠিত হয় ‘শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন’।
এ পর্যন্ত দেশের ১৭ জন গুণীজনকে পদক প্রদানের মাধ্যমে সম্মাননা জানিয়েছে শহীদ আলতাফ মাহমুদের পরিবারের সদস্য এবং ক্রাক প্লাটুনের গেরিলা মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে পরিচালিত এই ফাউন্ডেশন।
