২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানুষ তাকে মনে রাখবে অনেকদিন’

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা আবদুল জব্বারের মৃত্যুতে শোকস্তব্ধ সংগীতজগৎ। সদ্য প্রয়াত এই মহান সংগীতশিল্পীকে নিয়ে গ্লিটজের কাছে শোক প্রতিক্রিয়া জানালেন সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 07:04 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

আবদুল জব্বারই ছিলেন জনপ্রিয় গীতিকার সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের সংগীতজগতে আসার অনুপ্রেরণা। তিনি বলেন, “উনার সঙ্গে আমার খুব একটা কাজ করা হয়নি। আমি যখন কর্মক্ষেত্রে প্রবেশ করি তখন তখন যাদেরকে পেয়েছি তাদের সঙ্গেই কাজ করা হয়েছে। এটা দুর্ভাগ্য যে তার সঙ্গে আমার কোনো কাজ হয়নি। তবে দেখা হয়েছে দু’একবার। খুব সাদামাটা মানুষ ছিলেন। যে গানগুলো গেয়েছেন উনি, আমার মনে আছে ছোটবেলায় ওনার গানগুলো শুনেই কিন্তু আমাদের সংগীতজগতে আসা। এক কথা বলতে পারবো যে উনিই আমাদের গানের অনুপ্রেরণা।”

আবদুল জব্বারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ শিল্পী আরও বলেন, “একাত্তরের পর উনি যে সিনেমায় গানগুলো গেয়েছেন আমরা কিন্তু নীরবে ওনার সেই গানগুলোই গাইতাম। এখন এই বয়সে এসে অনুভব করছি, এই মানুষগুলোর অবদান কখনো ভোলার মতো নয়। যতোদিন বাংলা গান থাকবে, ততোদিন এই মানুষগুলোর অবস্থান থাকবে। মানুষ তাকে মনে রাখবে অনেকদিন।”

শোক প্রকাশ করে বুলবুল বলেন, “এটা একটা অপূরণীয় ক্ষতি। যদি তার স্বাভাবিক মৃত্যু হতো, তাহলে হয়তো আমরা তার কাছ থেকে অনেক কিছু পেতাম। উনার সেই গানগুলো হয়তো তিনি আবার নতুন করে করতে পারতেন।”