২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলতাফ মাহমুদ স্মৃতি পদক পেলেন দুই গুণী

চলতি বছর ‘শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক ২০১৭' পেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের ও শিল্পসমালোচক-মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 06:36 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

৩০ আগস্ট সন্ধ্যা ৬টায় কবি সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর এ গুণীদের হাতে পদক তুলে দেয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের সদস্য সচিব ও শহীদ কন্যা শাওন মাহমুদ।

তিনি বলেন, “২০০৫ সাল থেকে প্রতি বছর আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস ৩০ অগাস্টে নিয়মিত এই আয়োজন করে আসছি আমরা। প্রতি বছর একজন বা দু’জন গুণীজনকে সম্মাননা জানানোর এই ধারাবাহিকতায় এ বছর পদক পাচ্ছেন নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের এবং লেখক, প্রকাশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখবেন ফাউন্ডেশনের অন্যতম সংগঠক শাওন মাহমুদ। 

একুশের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র সুর স্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২০০৫ সালে গঠিত হয় ‘শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন’। এ পর্যন্ত দেশের ১৭ জন গুণীজনকে পদক প্রদানের মাধ্যমে সম্মাননা জানিয়েছে শহীদ আলতাফ মাহমুদের পরিবারের সদস্য এবং ক্রাক প্লাটুনের গেরিলা মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে পরিচালিত এই ফাউন্ডেশন।

একটি পদক, উত্তরীয় ও ১০ হাজার টাকা মূল্যমানের আর্থিক সম্মাননা প্রদানের মাধ্যমে ‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ দেওয়া হয়ে থাকে।