২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তার মতো মানুষ হয় না, শিল্পী হয় না’

কিংবদন্তী কণ্ঠসৈনিক আবদুল জব্বার আর নেই। শরতের সকালে প্রিয় শিল্পীর মৃত্যু সংবাদে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছুটে গেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সতীর্থরাও।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 01:46 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

শেষবারের মতো তাকে দেখে ফিরে তিমির নন্দী গ্লিটজকে বলেন, “আবদুল জব্বারের মতো শিল্পী আমাদের জাতীয় সম্পদ। শুধু আমাদেরই নয়, সাধারণ জনগণেরও প্রিয় শিল্পী ছিলেন তিনি। সংগীতে তার যে অবদান.... যদি বলি তার উপরে কেউ নেই, স্বাধীনতা যুদ্ধের সময় তার যে বীরত্ব তারও কোন সীমা নেই। তিনি এত বড়, এত বিশাল মাপের শিল্পী যে তার অবদানকে কখনোই খাটো করে দেখা যাবে না।”

তিনি আরও বলেন, “খুব বন্ধুবৎসল ছিলেন জব্বার ভাই, আমাকেও খুব স্নেহ করতেন। তিনি তার ছোট বড় সব শিল্পীকেই কাছে টেনে নিতেন। ব্যক্তিগত জীবনের নানা ত্রুটি সবার যেমন থাকে তারও ছিলো, কিন্তু তার মতো মানুষ হয় না, শিল্পী হয় না।”

আবদুল জব্বারের মৃত্যুতে হাসপাতালে ছুটে গেছেন ষংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি গ্লিটজকে বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির যে সংগ্রাম সেখা‌নে অগ্রণী ভূ‌মিকা রে‌খে‌ছেন আবদুল জব্বার। তার গা‌নে ‘জয় বাংলা’ উচ্চা‌রিত হ‌য়ে‌ছে, বঙ্গবন্ধুর নাম উচ্চা‌রিত হ‌য়ে‌ছে। তার গা‌নে মু‌ক্তি‌যোদ্ধারা উদ্বুদ্ধ হ‌য়ে‌ছেন। তার এ শুন্যতায় আমা‌দের অপুরনীয় ক্ষ‌তি হ‌লো।”

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টা ১০ মিনিটে মারা যান শিল্পী আবদুল জব্বার।

হাসপাতাল থেকে বেলা সাড়ে ১১টার দিকে আবদুল জব্বারের মরদেহ মোহাম্মদপুরের মারকাজুল ইসলাম মসজিদে নেওয়া হয় গোসলের জন্য। এরপর কফিন নেওয়া হবে ভুতের গলিতে তার বাসায়। রাতে মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে।

সংস্কৃতিমন্ত্রী নূর জানান, সর্বস্তরের নাগরিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য আবদুল জব্বারের মরদেহ বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হবে জানাজা।

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই শিল্পীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানান মন্ত্রী।