২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলফি তোলায় ভক্তকে ‘স্টুপিড’ বললেন জয়া

রগচটা স্বভাবের জন্য বরাবরই খবরের শিরোনাম হয়েছেন ভারতীয় অভিনেত্রী জয়া বচ্চন। সম্প্রতি গণেশ পূজার অনুষ্ঠানে এক ভক্তের আচরণে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেলো তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 10:10 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

‘কোসিশ’, ‘সিলসিলা’, ‘শোর’সহ সত্তর ও আশির দশকের একাধিক সাড়াজাগানো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা কুড়িয়েছেন ভারতীয় অভিনেত্রী জয়া বচ্চন। সর্বশেষ ২০১৬’র সিনেমা ‘কা অ্যান্ড কি’তে একটি ছোট চরিত্রে দেখা গেছে জয়া বচ্চনকে। ২০১৩’র বাংলা ছবি ‘সানগ্লাস’এ প্রশংসিত হয়েছে তার অভিনয়। বাংলাদেশের আলোচিত সিনেমা ‘মেহেরজান’এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও দেখা গেছে তাকে।

অভিনয় দিয়ে দর্শকমাৎ করলেও এবারে সম্পূর্ণ ভিন্ন কারণে সংবাদ শিরোনাম হলেন এ খ্যাতিমান অভিনেত্রী।

ইন্ডিয়া টুডে জানায়, ২৫ অগাস্ট গণেশ পূজার দিন মন্দিরে যান জয়া। সে সময় এক ভক্ত তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে ক্ষেপে গিয়ে ভক্তটিকে ধমক লাগান জয়া। অনুমতি ছাড়া সেলফি তুলতে ভক্তকে বারণ করেন তিনি। এ সময় তাকে ‘স্টুপিড’ বলেও সম্বোধন করেছেন ‘মেহেরজান’ অভিনেত্রী।

এবারই প্রথম নয় এর আগেও গণমাধ্যমের সামনে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে দেখা গেছে জয়াকে। ক’দিন আগে বলিউড অভিনেত্রী এশা দেওলের অন্তঃসত্বাকালীন অনুষ্ঠানে সেলফি তোলার জন্য এক পুরোহিতকেও ধমক দিয়েছেন তিনি! পূজা থামিয়ে ছবি তোলায় ব্যস্ত হওয়া পুরোহিতকে তার কাজে মনোযোগ দিতে বলেছিলেন জয়া।

এর আগে পূত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘অ্যাশ’ বলে সম্বোধন করায় এক সাংবাদিকের উপর চড়াও হয়েছিলেন তিনি।