চলচ্চিত্র পরিবারের বিপরীতে জোট গড়ছেন শাকিব
চলতি বছর দফায় দফায় বহিষ্কৃত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এবার অন্যান্য বহিষ্কৃতদের নিয়ে নতুন জোট করছেন তিনি। জোটে আছেন প্রযোজক আবদুল আজিজ, কাজী হায়াতসহ বেশ ক’জন অভিনেতা, নির্মাতা। কাজী হায়াৎ বললেন, “চলচ্চিত্র পরিবারের ‘বহিষ্কারের সংস্কৃতি’র বিপরীতে আমরা জোট করছি।”
জাজ মাল্টিমিডিয়ার ‘বেপরোয়া’ ছবির মহরত শেষে রাজধানীর পাঁচতারকা এক হোটেলে বৈঠকে বসেন শাকিব খান। বৈঠকে ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, চিত্রনায়িকা ববি, কাজী হায়াৎ, শিবা শানুসহ আরো বেশ ক’জন অভিনেতা-নির্মাতা।
বৈঠকেই জোট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন কাজী হায়াৎ। জানা গেছে, চলচ্চিত্র পরিবার মূলত যাদের বহিষ্কার করেছেন, শিল্পী সমিতি যাদের সদস্য পদ স্থগিত করেছেন তারাই থাকছেন জোটে।
দেশে চলচ্চিত্র সংশ্লিষ্ট এতো সংগঠনের পর আবার কেন নতুন জোট?
জোটের অন্যতম সদস্য ও পরিচালক কাজী হায়াৎ-এর ব্যাখ্যা, “পৃথিবীতে কমিটি কেন হয়? একা যাতে কাউকে লড়তে না হয়। মূলত সমমনা মানুষগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্যই জোটবদ্ধ হয় । ইদানীং আমাদের ইন্ডাস্ট্রিতে বহিষ্কার সংস্কৃতি চালু হয়েছে। এ কারণেই নতুন কমিটির প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।”
জুলাইয়ে শাকিব খানের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র পরিবার। ফলে কোনো সিনেমায় শুটিং করতে পারেননি তিনি। হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে উত্তম আকাশের ‘আমি নেতা হব’ নামে একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন চলতি মাসে। সহশিল্পী হিসেবে আছেন ওমর সানি, মৌসুমী, বিদ্যা সিনহা মিমসহ আরো অনেকে।
জাজ মাল্টিমিডিয়ার ‘বেপরোয়া’ সিনেমার মহরতে হঠাৎ হাজির শাকিব খান। ছবি সৌজন্য: মাল্টিমিডিয়ার ফেইসবুক পেইজ
বিষয়টি আলোকপাত করে কাজী হায়াৎ বললেন, “শাকিবের মতো স্টারকে এই ইন্ডাস্ট্রি বঞ্চিত করেছে। শাকিবের সঙ্গে অনেক সহযোদ্ধা আছে। তারা শাকিবকে ছেড়ে চলে যাবে নাকি? শাকিবের সঙ্গে অভিনয় করলেই শিল্পীদের তাড়িয়ে দিচ্ছে। তারা কী করবে? তাদের তো আশ্রয় দরকার।”
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নির্মাতা বললেন, “শাকিব ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি আছে এখন? তাহলে তাকে বহিষ্কার করে দিলে আর ফিল্ম থাকলো? শাকিব রাগ করে ফিল্ম ছাড়লে ফিল্ম ইন্ডাস্ট্রি ক্লোজ হয়ে যাবে। হলমালিকরা হল বন্ধ করে বাড়ি চলে যাবে।”
জোটের সঙ্গে নিজের জোরালো সমর্থন আছে উল্লেখ করে কাজী হায়াৎ বললেন,“আমি আটটা চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আমার নামে এখনো ছবি চলে। আমি একটি ছবির নাম চেয়ে এফডিসিতে আবেদন করেছি। ছবির নাম, ‘আমার স্বপ্ন, আমার দেশ।’ নামে তো কোনো দোষ ছিল না। আমার ছবির এন্ট্রি হবে না? বদিউল আলম খোকন অশ্লীল ছবির পরিচালক। সে আমার ছবির এন্ট্রি দেয়নি। তাহলে আমি এখন কোথায় যাবো? আমাদের একটি অবস্থান দরকার। আমরা যারা বঞ্চিত তারা একসঙ্গে থাকতে চাই। সেকারণে আমি কমিটিতে থাকছি।”
তবে বিষয়টি নিয়ে এখনই কিছু জানাতে চাননি শাকিব খান।
নতুন জোট নিয়ে কী বলছে চলচ্চিত্র পরিবারের সমমনা অভিনেতারা?
সোহেল রানা গ্লিটজকে বললেন, “বরিশাল-ঢাকা রুটে অনেকে লঞ্চ চালানোর অনুমতি পায় না। তাই বলে বাকিরা কী আরেকটা কমিটি করে ফেলে? আর শাকিবকে তো আমরা বহিষ্কার করিনি। তার সঙ্গে আমরা কাজ করছি না। নিজেরা নিজেদের শাস্তি দিচ্ছি। এর সবকিছুর মূলে হলো যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অনিয়ম। ছবি ফিফটি ফিফটি নিয়মে হলে তো এতো ঘটনাই ঘটত না।
আর কাজী হায়াৎ এটিকে বঞ্চিত কেন বলছেন? সে হিসেব করতে গেলে তিনি যখন দশটা সিনেমা করেছে তখনও তো নতুন নির্মাতা বঞ্চিত হয়েছেন। বঞ্চিত কোনো বিষয় না। কোয়ালিটি দিয়েই আমাদের টিকে থাকতে হবে।”
