২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের পাশে শাকিব খান

বন্যার্তদের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক শাকিব খান। ঈদ উপলক্ষে যতো সেলিব্রেটি টক শো'তে অংশ নিচ্ছেন তা থেকে প্রাপ্য সম্মানী তিনি তুলে দিতে চান বন্যাদুর্গতদের হাতে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 05:34 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

এবারের ঈদে এশিয়ান টিভির বিশেষ ঈদ আয়োজনে থাকছে শাকিব খানের বিশেষ সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান ‘ঈদ উইথ মুভি স্টার’। উপস্থাপক নওশীনের সঞ্চালনায় শাকিব খানের সাথে কথপোকথনে তার নিজের ক্যারিয়ারের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুসহ ভালো লাগা, মন্দলাগা উঠে এসেছে। এ অনুষ্ঠানে উপস্থিত হয়েই বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা বলেন শাকিব।

তিনি বলেন,“অনুষ্ঠানটি খুবই এনজয় করেছি। ঈদের আগে খুব বেশি চ্যানেলে আমি ইন্টারভিউ দিইনি। এছাড়া এবারের ঈদের টক শো’র সম্মানী নিয়েও আমি একটি প্ল্যান করেছি, তা হলো যে ক’টি টক শো’তে আমি সম্মানী হিসেবে যা-ই পেয়েছি তার সাথে আমার একটি বড় কন্ট্রিবিউশন যোগ করে বন্যার্তদের সাহায্যার্থে পাঠানো।  তাই ঈদ শো করার সময়ও মনে হয়েছে, আমি একটি নৈতিক দায়িত্ব পালন করছি।”

বন্যার্তদের মধ্যে নিজের ভক্তরাও আছে জানিয়ে তাদের প্রতি নিজের দুশ্চিন্তার কথা বললেন শাকিব। তিনি বলেন, “দেখুন দেশের অনেক এলাকার মানুষ তো আমার ছবিটাও দেখতে পারবে না। তারা হয়তো নিজের জীবন নিয়েও সংকটে। সেক্ষেত্রে এটা আমার গুরুদায়িত্ব বলে আমি মনে করি।”

এশিয়ান টিভির ‘ঈদ উইথ মুভি স্টার’ শিরোনামের এ অনুষ্ঠানে গান গেয়েছেন শাকিব। কোনো অনুষ্ঠানে এই প্রথম খালি গলায় গাইলেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুদীপ্ত সরকার। প্রচার হবে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে এশিয়ান টেলিভিশনে।