২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করণের পর অক্ষয়ের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন অজয়?

আঠারো শতকের শেষের দিকে ঐতিহাসিক ‘সারাগারি’র যুদ্ধ নিয়ে নির্মিতব্য ‘কেশর’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অক্ষয় কুমার। এবারে একই ঘটনা নিয়ে ছবি বানানোর ঘোষণা দিলেন অজয় দেবগণও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 09:32 PM

Updated : 12 Apr 2022, 12:13 AM

২০১৬’তে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও অজয় দেবগণের ‘শিবাই’ সিনেমার মুক্তির দিন নিয়ে বেঁধেছিল বক্সঅফিস সংঘাত। একই দিনে দুই সিনেমা মুক্তি নিয়ে কাদা ছোঁড়াছোঁড়ির জেরে পরস্পরের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় অজয় ও করণের। এমনকি নষ্ট হয়ে যায় অজয়পত্নী কাজল ও করণের দীর্ঘদিনের বন্ধুত্বও। এবারে কি তবে অক্ষয় কুমারের সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়াতে চলেছেন অজয়?

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, করণ জোহর ও সালমান খানের যৌথপ্রযোজনায় ঐতিহাসিক সারাগারি’র যুদ্ধ নিয়ে সিনেমা তৈরির ঘোষণা এসেছিলো আগেই। তাতে মূল চরিত্রে অভিনয়ের জন্য শোনা গিয়েছিলো অক্ষয় কুমারের নাম।

তবে সম্প্রতি একই বিষয় নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দেন অজয় দেবগণ। এরপরই বিষয়টি  নিয়ে শুরু হয় বিপত্তি। প্রযোজক হিসেবে এ সিনেমা থেকে নিজের নাম সরিয়ে নেন সালমান। ছবিটির ভবিষ্যত নিয়েও দেখা দেয় সংশয়।

সম্প্রতি এক সাক্ষাতকারে অক্ষয় বলেন, “ সিনেমাটি বন্ধ হচ্ছে না। সারাগারি’র যুদ্ধ নিয়ে এই সিনেমাটি বানাতে যাচ্ছেন করণ জোহর।”

টুইট পোস্টে বক্সঅফিস বিশেষজ্ঞ গিরিশ জোহর জানান, “ ‘ব্যাটেল অফ সারাগারি’র বদলে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কেশর’। ধর্ম প্রেডাকশনের ব্যানারেই নির্মত হতে যাচ্ছে এটি।”

একই বিষয় নিয়ে অজয় দেবগণের সিনেমা নির্মাণ প্রসঙ্গে গিরিশ বলেন, “অজয় দেবগণ এর আগেও এমন কাজ করেছেন। অন্যদের কাজের প্রতি তার সম্মানবোধ বরাবরই কম। দেখা যাক সামনে কি হয়।”

গত কয়েক বছর ধরে টানা হিট সিনেমা উপহার দিয়ে আসছেন অক্ষয়। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘টয়লেট এক প্রেমকথা’ মাতিয়েছে বক্সঅফিস। এমন অবস্থায় অক্ষয় কুমারের খ্যাতি ও অভিনয়ের পাশে কতটা দাঁড়াতে পারেন অজয় সেটিই এখন দেখার বিষয়।