২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাচে গানে বর্ণাঢ্য ঈদ ‘আনন্দমেলা’

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে তৈরি হয়েছে বিটিভির ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 07:04 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী-কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনের উপস্থাপনায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। গত ২২ থেকে ২৪ অগাস্ট ঢাকার বেশ কিছু লোকেশনে এবং বিটিভির নিজস্ব স্টুডিওতে সেট তৈরি করে এর শুটিং সম্পন্ন হয়েছে। 

বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদের পরিকল্পনা ও গ্রন্থণায় এবারের ঈদ ‘আনন্দমেলা’ পরিচালনা করেন মাহফুজা আক্তার। তিনি জানান, এবারের ‘আনন্দমেলা’য় থাকছে বেশকিছু গানের চমক, তারকাদের নৃত্য পরিবেশন এবং সমসাময়িক বিষয় নিয়ে মজার কয়েকটি স্কিড।

চমকপ্রদ এই আনন্দ আয়োজনে থাকছে কৌশিক হোসেন তাপসের সংগীত তত্ত্বাবধানে বিশ্বের বেশ কয়েকটি দেশের খ্যাতিমান যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে তৈরি দুটি গান। একটি গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসংগীত শিল্পী হলেও এবারে তিনি গেয়েছেন আঞ্জুমান আরা বেগমের গাওয়া ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ গানটি। অন্য গানটি সামিনা চৌধুরীর গাওয়া শিল্পী মাহমুদউন নবীর ‘তুমি যে আমার কবিতা’। এই গানটির সঙ্গে চমৎকার একটি পারফরমেন্সে অংশ নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। শিল্পী কৌশিক হোসেন তাপস নিজের লেখা ও সুরে, ফুয়াদের সংগীতায়োজনে গেয়েছেন ‘কত ভালোবাসি তোমাকে’ গানটি।

উপস্থাপনার পাশাপাশি শাওন নিজে গেয়েছে ‘আমার আছে জল’ চলচ্চিত্রের ‘আমার আছে জল’ গানটি।

সদ্য প্রয়াত সংগীত ব্যক্তিত্ব লাকী আখান্দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সুর করা ও হ্যাপি আখান্দের গাওয়া ‘কে বাঁশি বাজায় রে’ গানটি গেয়েছেন ফাহমিদা নবী। গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।

এছাড়া এম এস রানার লেখা ও আইয়ুব বাচ্চুর সুরে আইয়ুব বাচ্চু, বালাম, কণা ও কোনালের গাওয়া ‘আনন্দমেলা’ টাইটেল গানটি নতুন করে উপস্থাপন করা হচ্ছে এবারের অনুষ্ঠানে।

এবারই প্রথম ‘আনন্দমেলা’র জন্য একটি চমৎকার নৃত্য পরিবেশন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এছাড়া লিখনের কোরিওগ্রাফিতে বিশেষ নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন কয়েক প্রজন্মের শিল্পী- লায়লা হাসান, মুনমুন আহমেদ, নাদিয়া ও লিখন।

সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তৈরি মজার মজার সব স্কিডে অংশ নিয়েছেন অনন্ত হীরা, নূনা আফরোজ, মোঃ বারীসহ আরো অনেক তারকা শিল্পীরা।

থাকছে চতুর্থ শেণিতে পড়া শীর্ষেন্দুকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন, যার চিঠি পড়ে মাননীয় প্রধানমন্ত্রী পায়রা নদীতে একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরো থাকছে অন্ধ দুই সংগীত শিল্পী বোন রুবা ও টুংটাংকে নিয়ে প্রতিবেদন, যারা অন্ধ ছেলে-মেয়েদের গান শিখিয়ে জীবন বদলে দিতে শুরু করেছে। 

বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদের পরিকল্পনা ও গ্রন্থণায় এবারের ঈদ আনন্দমেলা পরিচালনা করবেন মাহফুজা আক্তার। প্রচারিত হবে ঈদের রাত ১০টার ইংরেজি সংবাদের পর।