ঈদে নবীণ-প্রবীণের ‘উইন্ড অব চেইঞ্জ সিজন ২’
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গানবাংলা টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে ‘উইন্ড অব চেইঞ্জ সিজন ২’।
বাংলাদেশের সংগীতাঙ্গণে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শুরু হওয়া আন্তর্জাতিক মানের সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘উইন্ড অব চেইঞ্জ’-এর সিজন প্রচার হয় গত ঈদুল ফিতরে। প্রচারের পরপরই অনুষ্ঠানটি দর্শক শ্রোতাদের মাঝে ব্যাপকভাবে সাড়া জাগায়। এবার ঈদ উল আযহায় প্রচারিত হতে যাচ্ছে এর দ্বিতীয় পর্ব। ঈদের দিন থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠানটি চলবে প্রতি রাত ৯টায়।
‘উইন্ড অব চেইঞ্জ সিজন-২’-এর সংগীত পরিচালক ও অনুষ্ঠান পরিচালক হিসেবে নেতৃত্ব দিয়েছেন গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। তিনি জানান, আগের বারের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা যন্ত্রশিল্পীদের সঙ্গে দেশের স্বনামধন্য, জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। এবারের আসরে প্রবীণ শিল্পীদের পাশাপাশি এই প্রজন্মের নবীন শিল্পীরাও অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানটি সম্পর্কে কৌশিক বলেন, “ ‘উইন্ড অব চেঞ্জ’-এর দুইটি ‘প্রি-সিজন’-এর পর আমরা আয়োজন করেছি ‘সিজন ১’ ও ‘সিজন ২’। ইতিমধ্যে ঈদুল ফিতরে ‘সিজন-১’ প্রচারের পর ব্যাপক সাড়া পেয়েছি। বিশ্বের খ্যাতিমান মিউজিশিয়ানদের অংশগ্রহণে বাংলা গানগুলোকে আন্তর্জাতিক প্লাটফর্মে সম্মানজনক উচ্চতায় তুলে ধরার যে লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, আমার মনে হয় সেই লক্ষ্য পূরণের পথে আমরা অনেকদূর অগ্রসর হয়েছি। বিশ্বের বিভিন্ন খ্যাতিমান মিউজিশিয়ান এখন ‘উইন্ড অব চেইঞ্জ’-এ বাজানোর আগ্রহ প্রকাশ করছেন- এটা আমাদের বড় অর্জন।”
‘উইন্ড অব চেইঞ্জ’ সিজন-২ এ গান পরিবেশন করবেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, বারী সিদ্দিকী, সুবীর নন্দী, কৌশিক হোসেন তাপস, জানে আলম, অদিতি মহসিন, চিশতী বাউল, হৃদয় খান, পথিক নবী, বেলাল খান, লুইপা ও শামীম। তাদের সঙ্গে যন্ত্রশিল্পীরা হলেন যুক্তরাষ্ট্রের চেলো বাদক আট ইউম মেনিকিয়ান, লাটভিয়ার পিয়ানোশিল্পী এনা ভাইভ, যুক্তরাষ্ট্রের ড্রামার টনি পার্কার, রাশিয়ার অপেরাশিল্পী এনা এমিলিয়া নোভা, এডেলিনা, ভায়োলিন বাদক এনা রাকিতা, ড্রামার নেলি বুভুজাংকা ও বেজ গিটারিস্ট আন্তন ডেভিডিয়ান্স, ভারতের অ্যাকুয়েস্টিক গিটারিস্ট সঞ্জয় দাস, বেইজ গিটারিস্ট মোহিনী দে, ইলেকট্রি গিটার রিদম শ’, সেতারে পূর্বায়ন চ্যাটার্জি, সন্তুরে সন্দীপ চট্টোপাধ্যায়, এস্রাজে আরশাদ খান এবং ম্যান্ডোলিনে রাজেশ উপ্পালাপু।
অনুষ্ঠানটির শিল্পনির্দেশনায় আছেন গানবাংলা টেলিভিশনের গান বাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী।
