২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিনেমার হিরো নয়, এ সত্যিকারের হিরো’

স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য হিরো’-তে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া ও সাগর। আসছে ঈদে ইউটিউবে রিলিজ দেয়া হবে সিনেমাটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 08:45 PM

Updated : 25 Jul 2022, 09:03 PM

এর আগে ‘মোমেন্টস’, ‘অবিশ্বাস’, ‘মায়া’, ‘দেয়াল’, ‘অক্ষর’, ‘দূরবীন’সহ বেশ ক’টি দর্শকপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

নতুন এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নিয়ে বললেন, “এবারের চলচ্চিত্রে আমি এমন ক’জন হিরোর গল্প বলেছি, যে কিনা আমাদের প্রত্যেকের মাঝে অবস্থান করে কিন্তু খুব সহজে সামনে আসে না। আর এই হিরো যখনই সামনে এসেছে, তখনই পুরো সমাজ ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছে। এই হিরো সিনেমার হিরো নয়, এ বাস্তবের অর্থাৎ সত্যিকারের হিরো।”

অভিনয়শিল্পী নাদিয়া বললেন, “এর আগেও ভিকি ভাইয়ের দু’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আমি কাজ করেছি। তার প্রতিটি গল্প অসম্ভব শক্তিশালী। ‘দ্য হিরো’তেও ব্যতিক্রম ঘটছে না। এই কাজটি করে আমার কাছে মনে হয়েছে প্রতিটি মানুষের স্বল্পদৈর্ঘ্যটির হিরো চরিত্রগুলোর মতো হওয়া উচিৎ।”

সাগর বললেন, “সত্যিকারের হিরো বলতে যা বোঝায়, তাই ‘দ্য হিরো’তে দেখানো হয়েছে। আমার বিশ্বাস দর্শকদের কাছে অনেক ভালো লাগবে।”

সেফ ফুডস-এর ব্যানারে নির্মিত এবং টাইগার মিডিয়া পরিবেশিত ‘দ্য হিরো’ একটি মোশন ভাস্কর নির্মাণ। এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনায় আছেন সাইফ রাসেল ও সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ‘দ্য হিরো’ টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ঈদের আগের দিন রাতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ‘বলো না’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও অনলাইনে প্রকাশ করা হবে।