চলচ্চিত্রকে গণমানুষের কাছে নিয়ে যান রাজ্জাক: তথ্যমন্ত্রী
স্বাধীনতার পর শিল্প হিসেবে গড়ে ওঠা ঢাকাই চলচ্চিত্রকে নায়ক আবদুর রাজ্জাক গণমানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালা সম্মেলন কক্ষে বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই নায়কের স্মরণসভায় তাকে এভাবে মূল্যায়ন করেন মন্ত্রী।
তিনি বলেন, “চলচ্চিত্র উন্নয়ন সংস্থা গড়ে জাতির পিতা বঙ্গবন্ধু দেশে চলচ্চিত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, নায়করাজ রাজ্জাক তার নিপুণতায় তা পৌঁছে দিয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়ে।
“অনন্য অভিনয়শৈলী দিয়ে চরিত্র রূপায়নের রাজা হিসেবে মানুষের অন্তরে ঠাঁই নেওয়া রাজ্জাক একইসাথে ছিলেন দেশের চলচ্চিত্রকে সুস্থধারায় পরিচালনের অগ্রপথিক।”
বিনয়ী ও সদালাপী নায়করাজ অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করেন হাসানুল হক ইনু।
গাজীপুরের কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, ফিল্ম আর্কাইভসসহ চলচ্চিত্র বিষয়ক অধিদপ্তরে নায়করাজের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
কিংবদন্তি নায়ক রাজ্জাকের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোকপাত করেন তারা।
ফেডারেশন অভ ফিল্ম সোসাইটিজ অভ বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত এ সভায় সংগঠনের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন সভাটি সঞ্চালনা করেন।
এ আয়োজনের অংশ হিসেবে শনিবার রাজ্জাক অভিনীত দুটি চলচ্চিত্র- সকাল ১০টায় ‘আনোয়ারা’, দুপুর ২টায় ‘আলোর মিছিল’ দেখানো হয়।
চলচ্চিত্র দুটি প্রদর্শিত হয় শিল্পকলা একাডেমির ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে।
বাংলা চলচ্চিত্রের ‘নায়করাজ’ হিসেবে খ্যাত রাজ্জাক গত ২১ অগাস্ট মারা যান।
