প্রয়াণ দিবসে নজরুলের দুর্লভ চিঠি পাঠ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার এনটিভি দিনব্যপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এই অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিখ্যাত নাট্য ব্যক্তিত্বরা পড়ে শোনাবেন নজরুলের দুর্লভ কিছু চিঠি।
চ্যানেলটির অনুষ্ঠান ও যোগাযোগ বিভাগের উর্ধ্বতন নির্বাহী মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় রয়েছে নজরুল স্মরণে নাটক, গান, আলোচনা অনুষ্ঠান ও দুর্লভ চিঠি পাঠ।
তিনি বলেন, “কবি নজরুল বিভিন্ন সময়ে, বিভিন্ন মানুষের কাছে চিঠি লিখেছেন। নজরল স্মরণ অনুষ্ঠানমালায় অত্যন্ত দূর্লভ সেই সব চিঠির কয়েকটি পড়ে শোনাবেন আলী যাকের, আল মনসুর, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শিমূল মুস্তাফা, আহকামউল্লাহ মিঠু, চিত্রলেখা গুহ, মুনিরা ইউসুফ মেমী প্রমুখ।”
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘নজরুলের চিঠি’ শীর্ষক অনুষ্ঠানটি।
ভোর ৬টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘অন্তরে তুমি আছো চিরদিন’। হুমায়ূন ফরিদের প্রযোজনায় এ অনুষ্ঠানে নজরুলের বিভিন্ন ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেছেন- খায়রুল আনাম শাকিল, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, ইয়াসমীন মুশতারী, ফেরদৌস আরা ও এম এ মান্নান।
দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘শিউলীমালা’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ করেছেন অনন্ত হীরা এবং পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। অভিনয় করেছেন- ইন্তেখাব দিনার, জয়া আহসান, জামাল উদ্দীন হোসেন প্রমূখ।
রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ধূমকেতু’। কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘আমায় নহে গো, ভালোবাসো মোর গান’ এর অনুপ্রেরণায় নাটকটির নাট্যরূপ করেছেন সারোয়ার রেজা জিমি। পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে- আফরান নিশো, তানভীন সুইটি, নিশা, দিলারা জামান, এ কে আজাদ সেতু প্রমূখ।
রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে নজরুলের মৃত্যু ভাবনা দর্শন নিয়ে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘আর অভিমান জানাবো না’। হাসান ইউসুফ খানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন- শারমিন লাকী, আলোচক নাসিম আহমেদ, কবি মোহাম্মদ নুরুল হুদা ও সুজিত মোস্তফা।
