শিল্পী সমিতিতে মৌসুমীর জায়গায় নিপুণ
চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তার জায়গায় কমিটিতে আসছেন আরেক অভিনেত্রী নিপুণ।
শুক্রবার (২৫ অগাস্ট) বিকেলে বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বললেন, “মৌসুমী আপা কার্যনির্বাহী পদে নির্বাচিত হওয়ার পরও তিনি কমিটিতে থাকতে অনীহা প্রকাশ করেন। সে কারণে উনার স্থলাভিষিক্ত হিসেবে নিপুনকে কমিটিতে নেয়া হয়েছে।”
বৃহস্পতিবার (২৫ অগাস্ট) সন্ধ্যায় শিল্পী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জায়েদ খান জানিয়েছেন, “বৈঠকে কমিটির সদস্য কমল ও জাকিরকে সমিতির নীতিভঙ্গের অভিযোগ এনে তাঁদের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
তবে কমল ও জাকিরের স্থলাভিষিক্ত হিসেবে কে আসছেন তা এখনো জানা যায়নি।
একই বৈঠকে শাকিব খানের সঙ্গে কাজ করার অভিযোগ তুলে ওমর সানি-মৌসুমীসহ দশজন শিল্পীর সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কমিটির সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন।
তবে এটিকে গুজব আখ্যায়িত করে জায়েদ বললেন, “বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সম্পূর্ণ ভুল একটি খবর। কিছু অনলাইন পত্রিকা ভুল খবরটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়াচ্ছে।”
