নায়করাজ রাজ্জাক স্মরণে স্মরণসভা ও চলচ্চিত্র প্রদর্শনী
দেশের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে তাকে নিয়ে স্মরণসভা ও তার অভিনীত দুটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ।
“নায়করাজ রাজ্জাক বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম সুহৃদ ছিলেন। বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা হওয়ার পরেও চলচ্চিত্রের শৈল্পিক এবং নান্দনিক আন্দোলনে সক্রিয় থাকার তাঁর এই প্রয়াস স্বাভাবিকভাবেই বিরল দৃষ্টান্ত”- এমন মন্তব্য করে সংগঠনটির সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন জানান, তার স্মরণে আগামী ২৬ অগাস্ট বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। এছাড়াও নায়করাজ রাজ্জাক অভিনীত দু’টি চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
তিনি জানান, স্মরণসভায় ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমির সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এম.পি.।
এছাড়া স্মরণ ও স্মৃতিতর্পণে অংশগ্রহণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার আমজাদ হোসেন, চলচ্চিত্রকার সি.বি. জামান, চলচ্চিত্রকার ও চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভী, চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্রকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, চলচ্চিত্রকার দেলোয়ার জাহান ঝন্টু, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্র গবেষক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি এবং চলচ্চিত্রকার মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক এবং আরও নবীন ও প্রবীণ চলচ্চিত্রকার, চলচ্চিত্র শিক্ষক- গবেষক এবং চলচ্চিত্রকর্মীবৃন্দ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই আয়োজনে সকাল ১০টায় প্রদর্শিত হবে জহির রায়হান নির্মিত এবং রাজ্জাক অভিনীত চলচ্চিত্র ‘আনোয়ারা’, দুপুর ২টায় প্রদর্শিত হবে নারায়ণ ঘোষ মিতা নির্মিত এবং রাজ্জাক অভিনীত চলচ্চিত্র ‘আলোর মিছিল’। চলচ্চিত্র দু’টি প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৬ষ্ঠ তলার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে।
চলচ্চিত্র প্রদর্শনী এবং স্মরণসভা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
