২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে কেক কাটলেন কলকাতার ভক্তরা

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন (২২ অগাস্ট) পালন করলেন কলকাতার ভক্তরা। ৬ কেজি ওজনের কেক কেটে প্রিয় অভিনেতার জন্য শুভকামনা জানিয়েছেন ভক্তরা।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 10:10 PM

Updated : 11 Oct 2022, 02:25 PM

এক যুগেরও বেশি সময় ধরে ছোটপর্দায় নিজের আধিপত্য ধরে রেখেছেন মোশাররফ করিম। বাংলাদেশে তো বটেই ওপার বাংলাতেও দারুণ জনপ্রিয় অভিনেতা। ইউটিউবের কল্যাণে পশ্চিমবঙ্গের ভক্তদের মোবাইল ফোন থেকে মনেও জায়গা করে নিয়েছেন তিনি।

সেখানকার একদল ভক্ত গঠন করেছেন ‘মোশাররফ করিম ইন্ডিয়া ফ্যানস ক্লাব’। ক্লাবের সদস্যদের আয়োজনে দমদমের লিটল কিচেন নামে একটি রেস্টুরেন্টে এই অভিনেতার জন্মদিন উদযাপন করা হয়।

ফ্যান ক্লাবের সমন্বয়ক অভিজিৎ দত্ত গ্লিটজকে বললেন, “আমি ২০০৮ সাল থেকে গুরুদেবের (মোশাররফ করিম) নাটক দেখা শুরু করি। তখন থেকেই আমি তাঁর ফ্যান। গতবছর নভেম্বরে ঢাকায় গিয়ে ওনার সঙ্গে দেখা হওয়ার পর ভাবলাম, এতো বড় একজন স্টার এতো ভালো মানুষ হয় কীভাবে? তারপর দেশে ফিরে দেখলাম ওনার প্রচুর ফ্যান। তারা আগে থেকেই ছিল কিন্তু বাংলাদেশে আমাকে নিয়ে নিউজ হওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করে। তারাও আমার মতোই ওনার জন্য পাগল। সবাইকে নিয়েই ফ্যান ক্লাবটি করার পরিকল্পনা করি। এখন আমাদের ক্লাবের সদস্য সংখ্যা ৫৫৩।”

তিনি আরো বললেন, “আমরা ওনাকে বোঝাতে চাইছি যে, বাংলাদেশের মানুষ ওনাকে যেমন ভালোবাসে ইন্ডিয়ানরাও ওনাকে তেমন ভালোবাসে।”

ওপার বাংলার ভক্তদের এমন ভালোবাসায় মোশাররফ করিম নিজেও আপ্লুত। ফেইসবুক স্ট্যাটাসে তিনি বলছেন, “আমায় ভালোবেসে আমার জন্মদিন উদযাপন করার জন্য গ্রুপের সকল মেম্বারকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ । ভারতে আমার যত ফ্যান আছে সকল ফ্যানদের প্রতি রইলো আমার অনেক অনেক ভালোবাসা।”