২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যাভেঞ্জার্স ফোর’এ আয়রনম্যানের বাগদত্তা মিস পটস?

‘আয়রনম্যান থ্রি’র শেষে নায়ক টনি স্টার্ককে দেখা গিয়েছিলো সাংবাদিকদের সামনে তার প্রেমিকা পেপার পটসকে বিয়ের প্রস্তাব দিতে। সেবার মিস পটস-এর উত্তর জানা না গেলেও ধারণা করা হচ্ছে তিনি হ্যাঁ বলেছিলেন; কারণ ‘অ্যাভেঞ্জার্স ফোর’-এর শুটিঙে তাকে দেখা গেছে আয়রনম্যানের বাগদত্তা হিসেবেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 09:02 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

এই গুজবের সূত্রপাত ভ্যারাইটি ডট কমে ‘অ্যাভেঞ্জার্স ফোর’-এর শুটিঙের একটি ছবি প্রকাশ পাওয়ায়। ছবিটিতে কালো টপ আর প্যান্ট পরিহিত মিস পটস অভিনেত্রী গিনেথ প্যালট্রোর আঙুলে দেখা গেছে বিশাল একটি হীরার আংটি। আর তার বাহুডোরেই বাঁধা পড়ে আছেন আয়রনম্যান অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র।

‘অ্যাভেঞ্জার্স ফোর’-এর আরও কিছু শুটিং দৃশ্যের ছবি ফাঁস হয়ে গেছে অন্তর্জালে, সেগুলোতেও গিনেথ প্যালট্রোকে পড়ে থাকতে দেখা গেছে সেই একই আংটি।

একটি ছবি শুটিঙের মহড়ার। সেখানে প্যালট্রো আর ডাউনি জুনিয়রের সঙ্গে দেখা গেছে হাল্করূপী মার্ক রাফালোকেও।

বাস্তব জীবনেও টিভি প্রোডিউসার প্রেমিক ব্র্যাড ফ্যালচাকের সঙ্গে বাগদানের গুজব ছড়িয়েছিলো গিনেথ প্যালট্রোর। সাবেক স্বামী ক্রিস মার্টিনের সঙ্গে বিচ্ছেদের পরপরই ফ্যালচাকের সঙ্গে প্রেমে জড়ান তিনি।

২০১৯ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অ্যাভেঞ্জার্স ফোর’।