টিভিতে সর্বোচ্চ পারিশ্রমিকের তারকা রবার্ট ডি নিরো
অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো নির্বাচিত হয়েছেন মার্কিন টিভি তারকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেতা হিসেবে।
ভ্যারাইটি প্রকাশিত টিভি অভিনেতাদের পারিশ্রমিকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন এই ‘গুডফেলাস’ তারকা। সম্প্রতি আমাজনের নাম ঠিক না হওয়া একটি টিভি সিরিজের জন্য শুটিং করছেন তিনি।
‘সিলভার লাইনিং প্লেবুক’ খ্যাত নির্মাতা ডেভিড ও’রাসেলের এই সিরিজের প্রতিটি পর্বের জন্য পৌনে আট লাখ ডলার পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ডি নিরো।
এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন সিবিএস-এর ক্রাইম থ্রিলার ‘এনসিআইএস’-এর অভিনেতা মার্ক হারমন। প্রতি পর্বের জন্য তিনি পান ৫ লাখ ২৫ হাজার ডলারের পারিশ্রমিক।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন এইচবিও’র জনপ্রিয় এপিক ফ্যান্টাসি ড্রামা ‘গেইম অফ থ্রোন্স’-এর প্রধান কলাকুশলীরা। কিট হ্যারিংটন, এমিলিয়া ক্লার্কল, পিটার ডিঙ্কলেজ, লেনা হেডি এবং নিকোলাজ কোস্টার-ওয়ালডুরা সিরিজটির প্রতিটি পর্বের জন্য পান ৫ লাখ ডলার করে।
এই তালিকায় আরও আছেন ‘শেইমলেস’ তারকা এমি রোসাম এবং উইলিয়াম এইচ মেইসি। ‘ওজার্ক’ তারকাদ্বয় জেইসন বেইটম্যান এবং লরা লিনিও আছেন সেরা দশে।
