২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো অহংবোধ তাঁর মধ্যে দেখিনি: ফকির আলমগীর

নায়করাজের প্রস্থানের তিনদিন পরও কাটেনি শোকের ছায়া। সূদুর আমেরিকায় থেকে নায়করাজকে শ্রদ্ধা জানালেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 07:05 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

ফকির আলমগীর বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। সেখানে বসেই তাঁর প্রিয় মানুষ রাজ্জাকের মৃত্যুর খবরটি পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন এই শিল্পী। নায়করাজকে ঘিরে বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে শোক ও শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নায়করাজকে নিয়ে স্মৃতিচারণা করেন ফকির আলমগীর। তিনি ছাড়াও নিউ ইয়র্ক প্রবাসী শিল্পী, পরিচালক, লেখক ও সাংস্কৃতিক কর্মীরা এতে অংশ নেন। জ্যাকসন হাইটসে মোহাম্মদী সেন্টার জামে মসজিদের ইমাম কাজী কাইয়ুমের বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় এ শোক সমাবেশ।

অনুষ্ঠানে ফকির আলমগীর বলেন, “নায়করাজ রাজ্জাক ছিলেন অমায়িক ব্যক্তিত্বের একজন উঁচুমানের অভিনেতা। কোনো অহংবোধ তার মধ্যে দেখিনি। চলচ্চিত্র জগতের এই শূন্যতা কখনো পূরণ হবার নয়।”

আলমগীর খান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নায়করাজ রাজ্জাকের স্মৃতিচারণ করেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন ও বেবী নাজনীন, চলচ্চিত্র পরিচালক ও মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, হুমায়ূন কবীর ঢালি, সাংবাদিক আকবর হায়দার কিরন, বাংলাদেশ সোসাইটির সাহিত্য সম্পাদক আহসান হাবীব ও নাট্যকার-অভিনেতা খান শওকত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক স্ট্যাটাসেও নায়করাজের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ফকির আলমগীর। লিখেছেন, “উপমহাদেশের প্রখ্যাত নায়ক নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁর মৃত্যু দেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি ।”

তিনি স্ট্যাটাসে গণসংগীত সমন্বয় ও ঋষিজ শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকেও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।