২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্লীলতাহানির মামলায় জিতলেন টেইলর সুইফ্ট

সপ্তাহব্যাপী শুনানি শেষে মঙ্গলবার মার্কিন রেডিও জকি ডেভিড মুলারের বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলায় জিতলেন সংগীত তারকা টেইলর সুইফ্ট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2017, 07:21 PM

Updated : 12 Apr 2022, 12:09 AM

ডেনভারে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলার রায় প্রদানের পর আনন্দে নিজের মাকে জড়িয়ে ধরেন সুইফ্ট। মাইক্রোফোন হাতে বিচারকদের ধন্যবাদ জানান তিনি।

২০১৩ সালে মুলারের বিরুদ্ধে এক কনসার্টে আপত্তিকরভাবে নিজের পশ্চাৎদেশ স্পর্শের অভিযোগ এনে মামলা করেছিলেন সুইফ্ট। এই মামলার শুরুতে দোষ স্বীকার না করে উল্টো সুইফ্ট ও তার মায়ের বিরুদ্ধে রেডিও স্টেশন থেকে নিজের চাকরি খাওয়ার অভিযোগ তুলে ১৫ হাজার ডলারের ক্ষতিপূরণ চেয়েছিলেন মুলার!

অন্যদিকে মামলায় জিতলে মুলারের কাছ থেকে প্রতিকী এক ডলার ক্ষতিপূরণ চেয়ে সুইফ্ট বলেছিলেন, “আমি তাকে দেউলিয়া করতে চাইনা। আমি শুধু চাই সবার কাছে একটি বার্তা পৌঁছাতে।”

মামলায় জয়ী হওয়ার পর এক বিবৃতিতে সুইফ্ট বলেন, “আমি জীবন এবং সমাজের কাছ থেকে পাওয়া সেইসব সুবিধার জন্য কৃতজ্ঞ যার কারণে এতো বড় একটি মামলায় আত্মরক্ষার সুযোগ আমি পেয়েছি।”

২৭ বছর বয়সী এই তারকা আরও বলেন, “আমি আশা করবো, এরপর থেকে সেইসব কণ্ঠস্বর আমরা শুনবো, যাদের অভিযোগ এতোদিন কেউ শোনেনি।”

বিচারক উইলিয়াম মার্টিনেজ এদিন সুইফ্টের বিরুদ্ধে মুলারের চাকরি খাওয়ার অভিযোগ খারিজ করে দেন। এছাড়াও সুইফ্টের বিরুদ্ধে মানহানির যে অভিযোগ তুলেছিলেন মুলার সেটিও আদালত খারিজ করে দেয়।