প্রসূন যোশী সেন্সর প্রধান হওয়ায় খুশি বাঙালি নির্মাতারা
সম্প্রতি ভারতের সেন্সরবোর্ডের চেয়ারপার্সনের পদ থেকে পেহলাজ নিহলানির অপসারণ এবং নতুন প্রধান হিসেবে গীতিকার প্রসূন যোশীর নাম ঘোষিত হওয়ায় বলিউডের পাশাপাশি সন্তোষ প্রকাশ করেছেন গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্তের মতো প্রথম সারির বাঙালি নির্মাতারা।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নির্মাতা বুদ্ধেদেব দাশগুপ্ত এব্যাপারে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন, “সাবেক প্রধান পেহলাজ নিহালানি সেন্সরবোর্ডকে আসলে নিজের দপ্তর বানিয়ে ফেলেছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন, সেন্সর বোর্ডের কাজ সিনেমার প্রতিটি ফ্রেমের সম্পাদনা করা নয়, এর শিল্পবোধকে মানদণ্ডে বিচার করা।”
নিহলানির তীব্র সমালোচনা করে ‘বাঘ বাহদুর’ খ্যাত এই নির্মাতা আরও বলেন, “প্রথম দিন থেকেই তিনি সমস্যার সৃষ্টি করছিলেন। নির্মাতা এবং অন্যান্যদের বাধ্য করছিলেন তার রাজনৈতিক মতবাদ অনুসরণের জন্য। ভালো হয়েছে যে তাকে অপসারণ করা হয়েছে।”
যোশীর প্রশংসা করে তিনি আরও বলেন, “নিজের প্রগতিশীল মননের মাধ্যমে যোশী নিশ্চিতভাবেই ভালো পরিবর্তন আনবেন
এবং তিনি (নিহলানি) যেভাবে বিতর্কের সৃষ্টি করছিলেন, সেগুলো এড়াতে সক্ষম হবেন।”
নির্মাতা গৌতম ঘোষ, যার সর্বশেষ সিনেমা ‘শঙ্খচিল’ প্র্রশংসিত হয়েছে আন্তর্জাতিকভাবে, বলেন, “একজন নির্মাতা হিসেবে আমার প্রথম চাওয়া হবে শ্যাম বেনেগাল কমিটি প্রণীত সেন্সর রূপরেখার বাস্তবায়ন করা।”
২০১৬’র শুরুতে সেন্সরবোর্ডের কার্যবিধি কেমন হওয়া উচিত- এই রূপরেখা নির্ধারণ করতে নির্মাতা শ্যাম বেনেগালকে প্রধান করে তৈরি করা হয় একটি কমিটি। গৌতম ঘোষ নিজেও ছিলেন এই কমিটির একজন সদস্য।
‘মনের মানুষ’ খ্যাত এই নির্মাতা আরও বলেন, “আমরা অনেক পরিশ্রম করে এই কমিটির মাধ্যমে একটি রূপরেখা দাঁড় করিয়েছিলাম। সেন্সর বোর্ডের বর্তমান বিধিমালার বেশ কিছু পরিবর্তনের নির্দেশনা ছিল এতে। কিন্তু এখনও পর্যন্ত এর কিছুই বাস্তবায়িত হয়নি।”
নির্মাতা সুমন ঘোষ আশা করছেন প্রসূন যোশীর আগমনে বদল ঘটবে অনেক কিছুরই।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উপরে নির্মিত সুমন ঘোষের তথ্যচিত্র ‘দ্য আর্গুমেন্টেটেটিভ ইন্ডিয়ান’-এর উপরও কাঁচি চালিয়েছিল নিহলানির সেন্সরবোর্ড।
তিনি বলেন, “আমি আশা করবো যোশীর অধিনে আমি বা অন্য নির্মাতাদের কাজ চলচ্চিত্রের বৈশিষ্ট্য গত দিক থেকে মাপা হবে এবং এর মাধ্যমেই সিনেমার সুদিন ফিরবে।”
