২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনানন্দের কবিতায় নামলো সন্ধ্যা

শনিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘কল্পরূপ’-এর পরিবেশনায় জীবনানন্দ দাশের কবিতা নিয়ে বিশেষ আবৃত্তি প্রযোজনা ‘প্রেম ও নির্জনতার মতো’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2017, 06:04 PM

Updated : 11 Oct 2022, 02:22 PM

‘কল্পরূপ’-এর তৃতীয় প্রযোজনা ‘প্রেম ও নির্জনতার মতো’। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে জীবনানন্দ দাশের প্রকাশিত ও অপ্রকাশিত সাড়ে সাতশো কবিতা থেকে ১৯টি কবিতা উচ্চারিত হলো বর্ণিল আয়োজনে। কবিতার মাঝে মাঝে উপস্থিত হয়েছে কথক নামের চরিত্র। গল্প বলার ছলে কথক উপস্থাপন করেছেন জীবনানন্দের জীবন ও দর্শন।

কথকের হাত ধরেই তিন পর্বে সাজানো অনুষ্ঠানটি এগিয়ে যায়। প্রথম পর্বে পরিবেশিত হয় কবির প্রেম ও নির্জনতার কবিতাগুলো। দ্বিতীয় পর্বে রাজনীতি আর সমাজনীতি এবং সে সময়ের একজন মধ্যবিত্তের জীবন। আর শেষ পর্বে পরাবাস্তবতা ও মৃত্যু ভাবনা এবং মানুষ তাতে কীভাবে ক্রিয়া করে সে বিষয়টি তুলে ধরেন শিল্পীবৃন্দ ও কথক। গল্পের কথক এক পর্ব থেকে আরেক পর্বে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত নিজেই হয়ে ওঠেন নিজেই জীবনানন্দ। উপস্থিত শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন পুরো প্রযোজনা।

প্রযোজনায় কবির ‘কুড়ি বছর পরে’, ‘দু’জন’,‘সহজ’, ‘লোকেন বোসের জার্নাল’, ‘নগ্ন নির্জন হাত’, ‘অন্ধকার’, ‘অদ্ভুত আঁধার এক’, ‘এইসব দিনরাত্রি’, ‘সুরঞ্জনা’, ‘কবি’, ‘অনেক নদীর জল’, ‘বেড়াল’, ‘হাওয়ার রাত’, ‘হে হৃদয়’, ‘আট বছর আগের একদিন’, ‘আজকের এক মুহূর্ত’ এবং ‘আমাকে তুমি’ কবিতাগুলো পাঠ করা হয়েছে।

অনুষ্ঠানটি প্রসঙ্গে দলের সাংগঠনিক সম্পাদক শাওন হাসনাত বলেন, “জীবনানন্দ দাশের কবিতাকে ভিন্ন ভাবে উপস্থাপনের চেষ্টাটা ছিল শতভাগ। সীমাবদ্ধতাও কম ছিল না। তারপরও দর্শকপ্রিয়তা বাড়তি পাওনা। আগামীর অনুপ্রেরণা।”

আবৃত্তিশিল্পীরা ছিলেন, কাজী কোয়েল, নাজমুল আহসান তরুন, জিয়াউদ্দিন সাগর, শাওন হাসনাত, কাজী অয়ন, উম্মে হানি শৈলী, নিলুফার ইয়াসমিন হ্যাপি, মনিরুজ্জামান রাতুল ও অনিমেষ রাইয়ান।

মঞ্চ পরিকল্পনায় কাজী কোয়েল, আলোক পরিকল্পনায় ফারুক খান টিটু এবং সংগীতে জাহিদ ইসলাম। প্রযোজনাটি গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন শাওন হাসনাত।