চলে গেলেন ‘পিপলি লাইভ’ অভিনেতা সীতারাম পাঞ্চাল
তিন বছর ধরেই কিডনি ও ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন ভারতীয় অভিনেতা সীতারাম পাঞ্চাল। তার চিকিৎসার খরচ বহনের জন্য ফেইসবুকে আবেদনও জানিয়েছিলো তার পরিবার ও কয়েকটি নাট্য সংগঠন। বৃহস্পতিবার মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এ অভিনেতা।
১৯৯৪ সালে ‘বান্ডিট কুইন’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন সীতারাম। ‘পিপলি লাইভ’, ‘পান সিং তোমর’, ‘দ্য লিজেন্ড অফ ভগৎ সিং’ ও ‘স্লামডগ মিলিওনিয়ার’এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সীতারাম। বিগত এক বছর ধরেই শয্যাশায়ী ছিলেন তিনি। তার চিকিৎসার খরচ যোগাতে হিমসিম খাচ্ছিলো পরিবার। তাই আর্থিক সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। তার সহায়তায় এগিয়ে এসেছিলেন বেশ ক’জন বলিউড তারকা।
মৃত্যুর ঠিক একদিন আগেই ২৩তম বিবাহবার্ষিকী পালন করেন সীতারাম। তার ছেলে রিশাব পাঞ্চালের ফেইসবুক পোস্টে বাবা-মাযের সে ছবি শেয়ারও করেন তিনি। এ অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড জুড়ে।
