শাওনের দাবি নাকচ করলেন নওশাদ
সেন্সরবোর্ডের আপত্তিতে যথাযথ কর্তন সাপেক্ষে মুক্তি পেয়েছে ‘ডুব’। শাওনের দাবি তার অভিযোগ আমলে নিয়েই কাঁচি চালিয়েছে সেন্সরবোর্ড। তবে, এদিকে এমন দাবি নাকচ করেছেন সেন্সরবোর্ড সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ।
“পাঁচটি কর্তন সাপেক্ষেই মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ মুক্তি পেয়েছে” বুধবার দুপুরে গ্লিটজকে জানালেন মেহের আফরোজ শাওন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবন অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হযেছে এমন অভিযোগ এনে এটি মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন লেখক পত্নী শাওন। তার অভিযোগের প্রেক্ষিতে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের জন্য গঠিত প্রিভিউ কমিটির দেওয়া অনাপত্তিপত্রের ওপর স্থগিতাদেশ দেয় তথ্য মন্ত্রণালয়।
তারপর নানা চড়াই উতরাই পেরিয়ে সেন্সর পেরুলো চলচ্চিত্রটি। ইতিমধ্যে চলচ্চিত্রটি মুক্তির তারিখও ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আসছে ৩ নভেম্বর চলচ্চিত্রটি বাংলাদেশ ভারত ও পৃথিবীর অন্যান্য দেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছ বলে গ্লিটজে জানিয়েছে প্রতিষ্ঠানটির সিইও আলিমুল্লাহ খোকন।
এদিকে, চলচ্চিত্র ‘ডুব’ যার ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’ এর মুক্তির পথটিও সহজ ছিলো না বলে দাবি করেছেন শাওন। তিনি বলেন, “আমার জানামতে, সেন্সর বোর্ড ছবিটি দেখার পর তাদেরকে পাঁচটি কর্তনের জন্য অনুরোধ জানায়। এবং সে অনুযায়ী পাঁচটি কর্তনের পরই চলচ্চিত্রটি মুক্তি দিয়েছে সেন্সরবোর্ড।”
সেন্সরবোর্ডের ওপর আপনার আস্থা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে শাওন গ্লিটজকে বলেন, “সেন্সরবোর্ডের ওপর আমার অবশ্যই আস্থা আছে। এবং তারা যে আমার অভিযোগটি আমলে নিয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে চেষ্টা করেছে এ কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
এদিকে পাঁচটি কর্তনের বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন সেন্সরবোর্ড সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, “আমি গতকাল অফিসে ছিলাম না। তবে আজ গিয়ে জানতে পেরেছি পাঁচটি কাট ঠিকই আছে। তারা তা কেটে দিয়েছে।”
তবে, মেহের আফরোজ শাওনের দাবি নাকচ করে দিয়েছেন তিনি। তার ভাষ্যে, “সেন্সর বোর্ডে কারও প্রভাব খাটানোর সুযোগ নেই। সেন্সরবোর্ড কারো অভিযোগ আমলে নেয়নি। আমরা আমাদের নিজস্ব নিয়ম-নীতির সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয় কর্তনের অনুরোধ জানিয়েছি।তারা তা যথাযথ সম্পাদনা করার ফলেই সেন্সরবোর্ড তা ছাড়পত্র দিয়েছে।”
‘ডুব’চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, তিশা, পার্ণো মিত্র ও রোকেয়া প্রাচী। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, এসকে মুভিজ ও ইরফান খান।
