সেন্সর ছাড়পত্র পেল ‘ডুব’
বেশকিছু অভিযোগ তুলে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘ডুব’-এর নাটাই টেনে ধরেছিল সেন্সরবোর্ড। এরপর থেকেই দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিল ছবিটি। অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আজ (৮ আগস্ট) সেন্সর ছাড়পত্র পেল ‘ডুব’।
বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি জানিয়েছেন, “আজ সন্ধ্যায় ছবিটি ছাড়পত্র পেয়েছে। সর্বশেষ দিন দুয়েক ধরেই ছবিটি নিয়ে সেন্সরের প্রক্রিয়া চলছিল।”
তবে ছবির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে এখনো সেন্সরের চিঠিটি পৌঁছায়নি।
গত বছরের সিনেমাটির গল্প অনুমোদন করে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। পরে সিনেমার কাজ শেষ করে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা পড়ে ‘ডুব’। মাঝে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে অভিযোগ উঠে, নন্দিত নির্মাতা ও উপন্যাসিক হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এক্ষেত্রে হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের কোনো অনুমতি নেয়া হয়নি।
বিকৃতভাবে হুমায়ূনের জীবনী সিনেমায় তুলে ধরার অভিযোগ এনে ১৩ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে চিঠি পাঠিয়ে আপত্তি জানায় শাওন।
১৫ ফেব্রুয়ারি সিনেমাটিকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দেয় সেন্সর বোর্ড। ফের ১৬ ফেব্রুয়ারি এক চিঠির মাধ্যমে ডুব সংশ্লিষ্টদের সিনেমাটির সার্টিফিকেট বাতিল করার বিষয়ে জানানো হয়।
নিষেধের বেড়াজালে আটকে থাকায় দেশে মুক্তি না পেলেও বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল ছবিটি। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে রুশ সাপ্তাহিক কমেরসান্ত উয়েকেন্ড জুরি পুরস্কার পেয়েছিল। পাশাপাশি আরো বেশ ক’টি চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।
সিনেমাটি বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ইরফান খান। সঙ্গে আছেন টালিগঞ্জের পার্নো মিত্র, বাংলাদেশের অভিনেত্রী তিশা, রোকেয়া প্রাচীসহ আরো অনেকে।
