নতুন নির্মাণের খোঁজে অন্যদেশে পাড়ি দিলো ‘আয়নাবাজি’
ভারতে নির্মিত হবে ‘আয়নাবাজি’। এদিকে আসছে ঈদে নতুন নির্মাণ নিয়ে আসছেন অমিতাভ রেজা।
আগামীর চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময় করতে দারুণ উপভোগ করছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন ‘আয়নাবাজি’খ্যাত চলচ্চিত্র পরিচালক, বিজ্ঞাপন ও নাট্যনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
মঙ্গলবার গ্লিটজের সঙ্গে আলাপকালে তিনি বললেন, “এটা আসলে পুরোপুরি শিক্ষকতা বললে ভুল হবে। এটা আসলে একটা প্রফেশনাল কোর্স। এখানে আমার পদবী খণ্ডকালীন শিক্ষক। যেহেতু এটা ফিল্মের কোর্স, টেকনিক্যাল ব্যাপার। আমি এখানে ফিল্ম এবং প্রোডাকশানের ওপর চারমাস মেয়াদী কোর্সে শিক্ষক হিসেবে কাজ করছি। অসাধারণ লাগছে এটা করে। মনে হচ্ছে এটাই করতে চাই।”
গেলো ঈদ উল ফিতরে আয়নাবাজি অরিজিনাল সিরিজের মতো আসছে ঈদ উল আযহায়ও বেশ কিছু চমক নিয়ে ছোটপর্দায় হাজির হচ্ছেন তিনি। তবে তা এখনই খোলাশা করে বলতে চাইলেন না।
বললেন, “গত ঈদের মতো এবার খুব বেশি প্রচার প্রচারণা করতে চাইছি না আমরা। এই ঈদেও আমরা কিছু প্রজেক্ট হাতে নিয়েছি। আগামী ১৫ তারিখের পরে আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কে বিস্তারিত জানানোর পরিকল্পনা রয়েছে।”
এদিকে বড়পর্দা থেকে ছোটপর্দা হয়ে আয়নাবাজি’র গল্প এবার অন্যদেশ পাড়ি দিয়েছে নতুন নির্মাণের খোঁজে। ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী লক্ষ্মী প্রসন্ন পিকচার্স চলচ্চিত্রটির কাহিনি স্বত্ব কিনে নিয়েছে বলে গ্লিটজকে নিশ্চিত করেন অমিতাভ। ছবিটি সে দেশের তামিল, তেলুগু ও হিন্দীসহ বিভিন্ন ভাষায় নির্মিত হবে। তবে, চলচ্চিত্রটির নির্মাণ পরিকল্পনা সম্পর্কে এখনো অজ্ঞাত এ নির্মাতা।
তিনি বলেন, “সবে এর রাইট কিনে নিয়েছে। দ্বিতীয় অধ্যায়ে কী ঘটবে তা এখনো আলাপ হয়নি।”
অমিতাভ জানান, নাম মাত্র সম্মানীতেই কাহিনি স্বত্ব দেয়া হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটিকে।
তার ভাষ্যে, “এটা খুবই প্রশংসনীয় যে তারা ছবিটির স্বত্ব কিনে নিয়েছে। তারা কাহিনি নকল করেও বানিয়ে ফেলতে পারতো। কিন্তু তা তারা করেনি। এটা তাদের পেশাদারিত্বের পরিচয়। আমরাও নামমাত্র সম্মানীতেই তাদের স্টোরিটা দিয়েছি।”
আয়নাবাজি চলচ্চিত্রের পর অমিতাভের নতুন ছবি ‘রিকশা গার্ল’। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ উপন্যাসের ছায়া অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখছেন শর্বরী জোহরা আহমেদ। বর্তমানে চলচ্চিত্রটির চিত্রনাট্য প্রস্তুতির কাজ চলছে।
