২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশার কারণেই মুক্তি পাচ্ছে না ‘পাষাণ’

মিশার কোনো চলচ্চিত্র না চালানোর সিদ্ধান্ত নিয়েছে হল মালিকরা। সেই কারণেই মিশা অভিনীত ‘পাষাণ’ চলচ্চিত্রটি এবার ঈদে মুক্তি পাচ্ছে না ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2017, 06:03 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের উপর হামলায় অভিযোগে মিশা সওদাগরকে বয়কট করেছিল প্রদর্শক সমিতি। মিশার কোনো চলচ্চিত্র না চালানোর সিদ্ধান্ত নিয়েছে হল মালিকরা। নিজেদের সিদ্ধান্তে এখনো অনড় প্রদর্শক সমিতি। সেই জের ধরেই মিশা অভিনীত ‘পাষাণ’ চলচ্চিত্রটি এবার ঈদে মুক্তি পাচ্ছে না বলে নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।

অথচ ছবিটি এবার ঈদেই মুক্তির কথা পাকাপাকি ছিল। মিশার উপর হঠাৎ নিষেধের খড়গ নেমে আসার পরপরই ভেস্তে গেলো সব আয়োজন। বাধ্য হয়ে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয় ছবিটির প্রযোজনা জাজ মাল্টিমিডিয়া।

প্রতিষ্ঠানটির সিইও অলিমুল্লাহ খোকন গ্লিটজকে বললেন, “মিশাকে বয়কটের কারণেই ছবিটি রিলিজ দিতে পারছি না। কারণ মালিকরা মিশার ছবি চালাবে না। আর নওশাদ সাহেব একজন সম্মানী মানুষ। তার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে। হলমালিকদের সিদ্ধান্তকে অমান্য করে কিছুতেই ছবিটি মুক্তি দিতে পারি না আমরা।”

তাহলে কবে নাগাদ মুক্তি পাবে ছবিটি? তিনি বললেন, “হল মালিকদের সঙ্গে বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত রিলিজ দেবো না। যদি সিনেমাটি পাঁচবছরও ফেলে রাখতে হয় তাতেও কোনো আপত্তি নেই। আমরা নওশাদ সাহেবের উপর হামলার সুষ্ঠু বিচার চাই।”

এ ব্যাপারে অভিযুক্ত মিশা সওদাগরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, “শিগগিরই বিষয়টির সুরাহা হবে আশাকরি। ভেদাভেদ ভুলে আমরা একসঙ্গে কাজ করতে চাই।”

ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সৈকত নাসির। মিশা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন মিম, বিপাশা কবির, মিজু আহমেদ, শিমুল খান ও কলকাতার ওমসহ আরো অনেকে।

১১ জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মিশা সওদাগরসহ আরেক অভিনেতা রিয়াজ ও প্রেক্ষাগৃহ মালিক খোরশেদ আলম খসরুকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে প্রদর্শক সমিতি। সমিতির অভিযোগ, যৌথ প্রযোজনার দুই চলচ্চিত্র ‘বস টু’ ও ‘নবাব’ মুক্তি দেওয়ার জের ধরে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয় ইফতেখার উদ্দিন নওশাদকে। তার সুষ্ঠু বিচার না পাওয়ায় এমন সিদ্ধান্তে আছে সংগঠনটি।