২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ৩৫তম মঞ্চায়নে  ‘কিনু কাহারের থেটার’

শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের ১৫তম প্রযোজনা ‘কিনু কাহারের থেটার’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 09:00 PM

Updated : 11 Oct 2022, 02:21 PM

প্রাচ্যনাট নাট্যদলের জনপ্রিয় প্রযোজনা ‘কিনু কাহারের থেটার’। আগামী ১২ আগষ্ট শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে। এদিন সন্ধ্যা সাতটায় নাটকটি মঞ্চস্থ হবে। মনোজ মিত্রের রচনা থেকে নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

রাজনীতির নামে সুবিধাভোগী শ্রেণির ফায়দা লোটার কাহিনিতে এগিয়ে যায় ‘কিনু কাহারের থেটার’। যার প্রধান চরিত্র ঘণ্টাকর্ণ। নাটকে দেখা যায়, সবাই অপরাধ করে আর ঘণ্টাকর্ণকে ভাড়া করে নিয়ে যায় দোষ স্বীকার করতে। আর সেও সবার সামনে অপরাধীর পক্ষ নিয়ে দোষ স্বীকার করে নেয়, মাথা পেতে নেয় শাস্তি।

কেউ অপরাধ করলে দোষ স্বীকার করতে ঘণ্টাকর্ণকে ভাড়া করা যেন একসময় নিয়ম হয়ে দাঁড়ায়। এতে দেশটিতে চুরি, ডাকাতি থেকে শুরু করে সব ধরনের অপরাধপ্রবণতা বেড়ে যায়। একসময় দেশটির রাজা এমন একটি ফাঁদে পড়েন, যেখানে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। তখন দোষ স্বীকার করার জন্য রাজা ঘণ্টাকর্ণকে ডেকে পাঠান। রাজা বলেন, ‘আমার হয়ে তুই ফাঁসির মঞ্চে দাঁড়া।’ কিন্তু ঘণ্টাকর্ণ বেঁকে বসে।

এমন কাহিনিকে উপজীব্য করে মঞ্চে এগিয়েছে নাটকটির গল্প। এ প্রসঙ্গে নাটকটির নির্দেশক তৌফিকুল ইসলাম ইমন গ্লিটজকে বলেন, ‘‘হাস্যরসাত্মক গল্পের ভেতর দিয়ে সমাজবাস্তবতা তুলে ধরতে চেয়েছি নাটকটির মাধ্যমে। এই যে সম্প্রতি বিশ্বজিত হত্যার ঘটনায় আমরা কী দেখলাম, জনসমক্ষে একজনকে কুপিয়ে মারা হলো, কিন্তু সর্বোচ্চ সাজা পেলো মাত্র দুজন। বিচারহীনতার সময়ে খুব বেশি সরাসরি নয়, পরোক্ষে মানুষকে যদি একটু সচেতন করা যায়, সেটাই আমাদের লক্ষ্য।’’

‘কিনু কাহারের থেটার’-এ অভিনয় করেছেন কাজী তৌফিকুল ইসলাম, জয়িতা মহলানবিশ, মনিরুল ইসলাম রুবেল, শাহরিয়ার ফেরদৌস সজীব, বিলকিস জাহান জবা, রফিকুল ইসলাম, রিফাত আহমেদ নোবেল, ফুয়াদ বিন ইদ্রিস প্রমুখ।