২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স, মালয়েশিয়া ও কানাডায় শাকিবের ‘নবাব’

বাংলাদেশ ও ভারতে দর্শকপ্রিয়তা পেয়েছে শাকিব-শুভশ্রী জুটির চলচ্চিত্র ‘নবাব’। ছবিটি এবার মুক্তি পাচ্ছে ফ্রান্স, কানাডা ও মালয়েশিয়া সিনেমা হলে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 08:35 PM

Updated : 25 Jul 2022, 09:02 PM

ছবিটি বিদেশযাত্রা শুরু হবে ১১ আগস্ট থেকে। প্রথমদিন প্যারিসের গোমন্ত সিনেমা হল, স্টাড দ্যু ফ্রান্সসহ তিনটি হলে মুক্তি পাবে। জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী অলিমুল্লাহ খোকন গ্লিটজকে বললেন, “পর্যায়ক্রমে কানাডা ও মালয়েশিয়ায়ও মুক্তি দেয়া হবে।”

তিনি বললেন, “এর আগে ‘শিকারী’ সিনেমাটি নিয়ে ফ্রান্সে গিয়েছিলাম আমরা। সেখানকার দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। তারই ধারাবাহিকতায় এবার মুক্তি পাচ্ছে সিনেমাটি। আমরা চাই বাংলা সিনেমা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক।”

ঈদুল ফিতরে দেশজুড়ে ১২০ হলে ছবিটি মুক্তি পেয়েছিল। দর্শকরা ভালোভাবেই গ্রহণ করেছিল ছবিটি। বাংলাদেশে মুক্তির ৩২ দিন পর ২৮ জুলাই কলকাতায়ও মুক্তি পেয়েছে ছবিটি। কলকাতার আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, দারুণ ব্যবসা করছে ‘নবাব’।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করেছেন ভারতের জয়দীপ মুখার্জি। শাকিব-শুভশ্রী ছাড়াও এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখার্জী, কমল প্রমুখ।