২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের সেরা পাঁচটি বন্ধুত্বের সিনেমা

প্রেমর পাশাপাশি বলিউডে বরাবরই বড় করে দেখানো হয়েছে বন্ধুত্বের মজার সম্পর্কটিকে। ‘কুছ কুছ হোতা হ্যায়’র রাহুল-অঞ্জলি, ‘ওয়েক আপ সিড’এর সিড ও আয়েশার বন্ধুত্ব ও ‘দোস্তানা’ সিনেমার স্যাম, কুনাল ও নেহার ত্রয়ী বন্ধুত্ব দৃষ্টি কেড়েছে সকলের। বন্ধু দিবসে পড়ুন বলিউড সেরা পাঁচটি বন্ধুত্বের সিনেমার গল্প।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 09:19 PM

Updated : 11 Oct 2022, 02:21 PM

১. কুছ কুছ হোতা হ্যায়:

১৯৯৮ সালের সাড়াজাগানো সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’কে ভালোবাসার সিনেমা বলা হলেও এর মধ্যে রয়েছে একটি সুন্দর বন্ধুত্বের গল্প। শাহরুখ-কাজল জুটি অভিনীত রাহুল-অঞ্জলি চরিত্রটি পরবর্তীতে প্রেমে জড়িয়ে পড়লেও প্রথম জীবনে তারা থাকে একজন আরেকজনের ভালো বন্ধু। এছাড়াও সিনেমার শেষে সালমান খানের আমান চরিত্রটির কথায় শোনা যায় বন্ধুত্বের সুর। বাগদত্তা অঞ্জলিকে তার পুরনো প্রেমিক রাহুলের কাছে ফিরিয়ে দিয়ে আজীবন ভালো বন্ধু থাকার কথা বলেন আমান।

২. রং দে বাসন্তী:

আমির খানের সাড়াজাগানো সিনেমা ‘রং দে বাসন্তী’তে বলা হয়েছে এক ঝাঁক তরুণের বন্ধুত্ব, দেশপ্রেম ও ভালোবাসার গল্প। ২০০৬ সালের সিনেমায় অভিনয় করেন আমির খান, সোহা আলী খান, আর মাধবন, শার্মান জোশি, কুনাল কাপুর, অ্যালিশ প্যাটেল প্রমুখ।

৩. দোস্তানা:

২০০৮ সালের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘দোস্তানা’, সমকামিতা, প্রেম ও বন্ধুত্বের বিচিত্র এক গল্প নিয়ে আবর্তিত হয়েছে এ সিনেমার কাহিনি। অভিষেক বচ্চন, জন আব্রাহাম ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত স্যাম, কুনাল ও নেহার বন্ধুত্বই শেষ পর্যন্ত বেশি নাড়া দেয় দর্শককে।

৪. ওয়েক আপ ‍সিড:

কঙ্কনা সেন শর্মা ও রণবীর কাপুর অভিনীত ‘ওয়েক আপ সিড’ সিনেমাটিকে রণবীরের অন্যতম সেরা সিনেমা হিসেবে অভিহিত করেন অনেকেই। অপরিণত ও বিভ্রান্ত সিডকে সাহায্য করতে এগিয়ে আসা আয়েশার গল্প নিয়েই এ সিনেমার কাহিনি আর্বতিত হয়েছে সিনেমার শেষে সিড ও আয়েশার সম্পর্ক প্রেমের দিকে গড়াবে এমনটা আশা করলেও তাদের বন্ধুত্ব দিয়েই শেষ হয় সিনেমাটি।

৫. অ্যায় দিল হ্যায় মুশকিল:

করণ জোহরের সর্বশেষ আলোচিত সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় দেখা যাবে প্রেম ও বন্ধুত্বের পাশাপাশি অবস্থান। আনুশকা ও রণবীর অভিনীত আলিজেহ ও আয়ান চরিত্র দুটির সঙ্গে ‘কুছ কুছ হোতা হ্যায়’এর রাহুল-অঞ্জলি জুটির মিল খুঁজে পান অনেকেই। বন্ধুত্ব থেকে পরবর্তীতে প্রেমের সম্পর্কে জড়াতে দেখা যায় তাদের। অন্যদিকে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরও ভালো বন্ধু হিসেবেই দেখা গেছে শাহরুখ-ঐশ্বরিয়া অভিনীত সাবা ও তাহির চরিত্র দুটিকে।