লিঙ্গ বৈষম্যের শিকার সোফি টার্নারও
হলিউডের লিঙ্গ বৈষম্য নিয়ে যখন একের পর এক তারকা সোচ্চার, তখন ‘গেইম অফ থ্রোন্স’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নার জানালেন এরকম পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন তিনিও।
‘গেইম অফ থ্রোন্স’-এর অন্যতম চরিত্র সানসা স্টার্কের কল্যাণে ১৫ বছর বয়সেই তারকাখ্যাতি পেয়ে যান সোফি। আর তখন থেকেই তার কাছে আসতে শুরু করে হলিউডে কাজ করার লোভনীয় সব প্রস্তাব।
কিন্তু অনেক ক্ষেত্রেই নির্মাতারা সোফিকে এমন পরিস্থিতির সম্মুক্ষীণ করতেন, যাতে করে তার মনে হতো তিনি বৈষম্যের শিকার হচ্ছেন।
এ ব্যাপারে পোর্টার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সোফি বলেন, “এমন অনেক কিছু আমাকে করতে হয়েছে, যেকারণে নিজেকে বৈষম্যের শিকার মনে হতো। নির্মাতারা বলতেন আমাকে ওজন কমাতে, কেবল আমি মেয়ে বলেই। আমার অভিনীত চরিত্রের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা ছিল না।”
এছাড়াও নিজের স্পষ্টবাদীতার জন্য সমালোচিত হয়েছে সোফিকে।
“ব্যাপারটা এতোই ধারাবাহিক ছিল যে, সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষের সামনে আমি নিজের মত খোলাখুলিভাবে প্রকাশও করতে পারতাম না। ১৫ বছর বয়সেই আমি রাজনীতি নিয়ে নিজের ধারালো মতামত দিতে শুরু করেছিলাম। কিন্তু আমার পাবলিসিস্ট আমাকে জানালো লেখার ধার কমাতে,” বলেন তিনি।
সব দেখে শুনে মত প্রকাশের ব্যাপারে এখন বেশ সাবধনতাই অবলম্বন করেন ‘এক্স মেন :অ্যাপোকালিপ্স’ খ্যাত এই অভিনেত্রী।
তিনি বলেন, “এসবের কারণে এখন নিজের মুখ বন্ধ রাখা শিখে গেছি।”
