ঈদ নাটক ‘উড়ে যাওয়ার কাল’
মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় নির্মিত হলো নাটক ‘উড়ে যাওয়ার কাল’।
নন্দিনীর সাইকেল চালানোকে ঘিরে গল্পটা। তার একজন প্রগতিশীল শিক্ষক মেয়েটাকে অচলায়তন ভাঙতে বলে। দূর রাস্তা পাড়ি দিয়ে তাকে কলেজে আসতে হয়। কিন্তু পরিবার ও সমাজ তার সাইকেল চালানো মানে না। কারণ ওই এলাকায় আর কোনো মেয়েকে সাইকেল চালাতে দেখা যায় না। তবু নন্দিনী সাইকেল চালায়। একদিন সাইকেল নিয়ে পালাতে গিয়ে সে নিজের অজান্তেই একটা রেস এ ঢুকে পড়ে, এবং জিতে যায়।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা মাহমুদ দিদার বলেন, “রেসে ঢুকে পড়ার পর আমরা দেখতে পাই সবাইকে পেছনে ফেলে নন্দিনী এগিয়ে যায়। অজস্র মানুষ স্বাগত জানালে সে তখন বুঝতে পারে আসলে সে একটা জরুরী প্রতিযোগিতায় জিতে গেছে। আসলেই নন্দিনীর উড়ে যাওয়ার কাল এসে গেছে। এটি পুরোটাই অচলায়তন ভাঙার গল্প। একটা মেয়ের বেড়ে ওঠা, একজন শিক্ষকের প্রগতিবাদী ভূমিকা এইখানে দেখানো হয়েছে।”
নাটকে শিক্ষিকা মুনিরা চরিত্রে অভিনয় করেছেন প্রভা। নন্দিনী চরিত্রটি রূপায়ন করেছেন মাটি সিদ্দিকী। হারুণ চরিত্রে দেখা যাবে সজলকে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া, বিজয় নগর, মাধবপুর ও সিলেটের বিভিন্ন স্থানে নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদুল আজহার তৃতীয় দিন এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।
