আবদুল জব্বারকে দ্রুত বিদেশ পাঠানোর দাবি
গান গেয়ে যিনি উজ্জীবিত রেখেছিলেন স্বাধীনতাকামী বাঙালিকে, রোগশয্যায় থাকা সেই আবদুল জব্বারকে দ্রুত বিদেশ পাঠানোর দাবি জানিয়েছে তার পরিবার।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দসৈনিক এখন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
তার দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। বৃহস্পতিবার তার কিডনি ডায়ালাইসিস করার জন্য কিছু সময়ের জন্য কেবিনে স্থানান্তর করা হয়।
জব্বারের স্ত্রী হালিমা জব্বার সাংবাদিকদের বলেন, “আবদুল জব্বার একজনই, আর কেউ আসবেন না। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, উনাকে যেন খুব দ্রুত দেশের বাইরে নিয়ে চিকিৎসা করা হয়।
“উনার যে অবস্থা তাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে। আমরা ডাক্তারের সঙ্গে কথা বলেছি। সিঙ্গাপুর বা আমেরিকায় নিয়ে সুচিকিৎসা সম্ভব।”
আবদুল জব্বারের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ২০ লাখ টাকা দেওয়া হয়েছিল।
“ইতোমধ্যে সেই টাকা তার চিকিৎসায় ব্যয় হয়েছে। বর্তমানে শিল্পীর উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন,” বলেন হালিমা জব্বার।
শিল্পীর ছোট ছেলে বাবু জব্বার বলেন, “আইসিইউ থেকে কেবিনে নিয়ে কিডনি ডায়ালাইসিসের চেষ্টা চলছে। সামগ্রিকভাবে বাবার শারীরিক অবস্থা ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য বাবাকে যত দ্রুত সম্ভব বিদেশে নেওয়া দরকার।”
বৃহস্পতিবার সকালে শিল্পী আব্দুল জব্বারকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি শিল্পীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান হালিমা জব্বার।
৭৮ বছর বয়সী আবদুল জব্বার আড়াই মাস ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন। তার হৃদযন্ত্র ও প্রস্টেটের জটিলতাও রয়েছে।
‘জয় বাংলা বাংলার জয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’সহ অসংখ্য গানের গায়ক আব্দুল জব্বার স্বাধীনতা যুদ্ধের সময় হারমোনিয়াম নিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের গান গেয়ে উদ্বুদ্ধ করেন।
