২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে আগ্রহী হলিউড পরিচালক থার্বার

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করতে পারাকে ‘সৌভাগ্যজনক’ বলে মন্তব্য করলেন হলিউড পরিচালক রওসন মার্শাল থার্বার। শিগগিরি প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করার সুযোগ পাবেন বলেও আশা প্রকাশ করেছেন ‘উই আর দ্য মিলারস’ পরিচালক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 09:22 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

‘ডজবল: আ ট্রু আন্ডারডগ স্টোরি’ সিনেমার মাধ্যমে ২০০৪ সালে পরিচালনায় আসেন রওসন মার্শাল থার্বার। এরপর ‘দ্য নাইনস’, ‘উই আর দ্য মিলারস’ দিয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৬তে মুক্তি পায় তার ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স’ সিনেমাটি। সম্প্রতি ‘স্কাইস্ক্র্যাপার’ নামের একটি সিনেমার পরিচালনা করছেন থার্বার। ‘বেওয়াচ’ প্রযোজক বাউ ফ্লিনের প্রযোজনায় এতে অভিনয় করছেন ডোয়াইন জনসন ওরফে দ্য রক।

আইএনএসকে দেওয়া সাক্ষাতকারে থার্বার বলেন, “হলিউডের সিনেমায় এখন ভারতীয় সিনেমার অনেক প্রভাব লক্ষ করা যাচ্ছে। আমার কাছে এটা খুবই আশার কথা বলে মনে হচ্ছে। আমি বলিউডি সিনেমা সম্পর্কে জানি এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউড তারকারা এখন হলিউডে কাজ করছে এবং তারা বেশ ভালো করছে।”

তিনি আরও বলেন, “এ মুহূর্তে আমি ‘স্কাইস্ক্র্যাপার’ নামের একটি সিনেমার কাজ করছি। এতে রয়েছেন ‘বেওয়াচ’ অভিনেতা ডোয়াইন জনসন। এটি প্রযোজনাও করছেন ‘বেওয়াচ’ প্রযোজক বাউ ফ্লিন। তারা দু’জনই প্রিয়াঙ্কার সম্পর্কে আমাকে বলেছেন। আশা করছি শিগগিরই তার সঙ্গে কাজের সুযোগ ঘটবে।”

‘কোয়ান্টিকো’ দিয়ে ছোটপর্দা মাত করেছেন, ‘বেওয়াচ’ দিয়ে পা রাখেন হলিউডের রূপালি পর্দায়। অভিষেক সিনেমা ‘বেওয়াচ’ বক্সঅফিস কাঁপাতে না পারলেও প্রশংসিত হয়েছে প্রিয়াঙ্কা অভিনীত ভিক্টোরিয়া লিডস চরিত্রটি। সামনেই লিয়াম হেমসওয়ার্থ ও রেবেল উইলসনের সঙ্গে ‘ইজন্ট ইট রোমান্টিক’ সিনেমায় দেখা যাবে পিসি’কে। এছাড়াও ক্লেয়ার ড্যান্স, অক্টাভিয়া স্পেন্সার ও জিম পারসন্সদের মতো শক্তিমান অভিনেতাদের সঙ্গে ‘আ কিড লাইক জেইক’য়ে দেখা যাবে তাকে।