২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালক সমিতি থেকে সরে দাঁড়াচ্ছেন কাজী হায়াৎ

চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে সরে দাঁড়াচ্ছেন আটবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক কাজী হায়াৎ। বৃহস্পতিবার সমিতির সদস্যপদ বাতিলের আবেদনপত্র পাঠিয়েছেন তিনি। গ্লিটজকে বললেন, “হয়তো আর সিনেমা নির্মাণ করবো না।”

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 09:00 PM

Updated : 11 Oct 2022, 02:20 PM

চলচ্চিত্র সমিতির পক্ষ থেকে তার আবেদনপত্রটি গ্রহণ করেছেন প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক সাহাবুদ্দিন। আবেদনপত্রে কাজী হায়াৎ উল্লেখ করেছেন, “একটি সিনেমা নির্মাণ করতে গিয়ে আপনাদের কাছে চলচ্চিত্রটির নাম নিবন্ধন করার আবেদন করেছিলাম। এই নাম নিবন্ধন নিয়ে আমার সাথে আপনারা যে টালবাহানা শুরু করেছেন তাতে আমি ভীষণভাবে লজ্জিত। এমতাবস্থায় দয়া করে আমার সমিতির সদস্যপদ প্রত্যাহার করে আমাকে বাধিত করিবেন।”

তিনি গ্লিটজকে বলেছেন, “‘আমার স্বপ্ন আমার দেশ’ নামে একটি সিনেমার নিবন্ধনের আবেদন জানিয়েছিলাম। নিবন্ধন করতে মাত্র পাঁচ মিনিট লাগার কথা। আমার আগের ৪৯ টি সিনেমা করতে এর বেশি সময় লাগেনি। কিন্তু তারা নিবন্ধন দেয়নি। ছবির নাম নিয়ে তাদের কোন অভিযোগ নেই। অভিযোগ সম্ভবত আমাকে নিয়ে। বিষয়টি নিয়ে সাধারণ সম্পাদকের সঙ্গে কথা উনি বলেন, মহাসচিবের সঙ্গে কথা বলেন। আর মহাসচিব বলে আমি কিছু জানি না। বিষয়টা নিয়ে বেশ লজ্জা পেয়েছি। লজ্জা ঢাকতেই সদস্যপদ প্রত্যাহারের আবেদন করেছি।”

আরো বললেন, “হয়তো আর সিনেমা বানাবো না আমি। সমিতি যদি আমার বিরুদ্ধে চলে যায় তাহলে কীভাবে সিনেমা বানাবো?”

প্রশ্ন উঠেছে যৌথ প্রযোজনা নিয়ে চলচ্চিত্র ঐক্যজোটের বিপক্ষে ও জাজ মাল্টিমিডিয়ার পক্ষে অবস্থান নেয়ার কারণেই তার সঙ্গে এমনটা ঘটছে কিনা?

এ বিষয়ে তিনি বললেন, “সেখানে তো আমার কোনো ভূমিকা ছিল না। চলচ্চিত্রে দুর্দিনে সমঝোতা নিয়ে কাজ করা উচিত, সেটা জানিয়েছিলাম। আর এটা তো সরকারি নীতিমালায় আছে।”

এবিষয়ে সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেছেন, “আবেদনপত্রটি আমরা পেয়েছি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে আলোচনা করছি।”

বৃস্পতিবার সন্ধ্যায় চলচ্চিত্র ঐক্যজোটের গুরুত্বপূর্ণ একটি মিটিং ছিল। সেখানে কাজী হায়াৎকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে নিশ্চিত করেছেন জোটের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক।