২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখন স্পাইডার-ম্যান কেবল টাকার জন্য বানানো হয়’

স্যাম রাইমি পরিচালিত ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত তৈরি হওয়া ‘স্পাইডার-ম্যান’ সিরিজের অভিনেত্রী কারস্টেন ডানস্ট সম্প্রতি মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’-এর সমালোচনা করে বলেছেন, এখন স্পাইডার-ম্যানের সিনেমাগুলো কেবল অর্থের জন্য তৈরি করা হয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 09:05 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

ম্যারি ক্লেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কারস্টেন বলেন, “আমরাই সেরা সিনেমাগুলো তৈরি করেছি, সুতরাং এখনকার সিনেমাগুলো দিয়ে কী আসে যায়? আমার তো মনে হয়, ওরা যত খুশি তৈরি করুক; সবাই আমাদের ‘স্পাইডার-ম্যান’কেই এখনও পছন্দ করে। আমার তাই এতে কিছু আসে যায় না। আমি কি ঠিক বলিনি?”

তিনি আরও বলেন, “তারা ওই একই গরুর দুধ দোয়াচ্ছে কেবল টাকার জন্য। এটা তো বোঝাই যায়। শুনুন, আমি এখনকার চেয়ে প্রথম সিনেমাগুলিতেই সুযোগ পেলে ফের অভিনয় করবো।”

এদিকে নতুন স্পাইডার-ম্যান টম হল্যান্ড হেসেই উড়িয়ে দিয়েছেন কারস্টেনের এমন দাবি।

তিনি বলেন, “নিজের মত প্রকাশের স্বাধীনতা তার আছে, এবং এতে নাক গলানোর আমি কেউ নই। আমি অবশ্যই কেবল অর্থের জন্য এই সিনেমায় অভিনয় করিনি। আমার মতে, চরিত্রটি এমন যে টাকা না দিলেও এতে যে কেউ অভিনয় করতে মুখিয়ে থাকবে।”

টম হল্যান্ড আরও বলেন, “আমি শুধু এটুকুই বলবো যে সিনেমাটিতে অংশ নিয়ে আমার দারুণ একটি সময় কেটেছে। তিনি (কারস্টেন) যদি সিনেমাটি দেখতে না চান, তাতে আমার কিছু যায় আসে না। তিনি যা বলেছেন, তার জন্য আমি তাকে অপছন্দ করছি না, কারণ তিনি তার মত দিতেই পারেন। তবে আমি এতে কিছু মনে করিনি।”