অশালীন আচরণ করায় সহশিল্পীকে চড় মারলেন ‘বাহুবলী’ অভিনেত্রী
ব্রিটিশ অভিনেত্রী ও মডেল স্কারলেট উইলসন তার সঙ্গে সিনেমার শেষে অশোভন আচরণ করার অভিযোগে এক সহশিল্পীকে চড় মেরেছেন। ‘বাহুবলী : দ্য বিগিনিং’-এর আইটেম গান ‘মনোহরী’তে দেখা গেছে তাকে।
ভারতীয় গণমাধ্যম নিউজ নেশন বলছে, ‘হংস : এক সংযোগ’ নামের একটি সিনেমায় কাজ করার সময় সহশিল্পী উমাকান্ত রায় স্কারলেট-এর সঙ্গে অশোভন আচরণ করছিলেন। স্কারলেটকে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকা এই অভিনেতা এক পর্যায়ে তার চুল ছোঁয়ার চেষ্টা করেন।
‘হংস : এক সংযোগ’ সিনেমার সেটের কর্মীরাও এই ঘটনার সাক্ষ্য দিয়েছেন। তারা বলেছেন, এই ঘটনার পর উমাকান্তকেও সেট থেকে বের করে দেওয়া হয়।
সিনেমাটির প্রযোজক সুরেশ শর্মা বলেছেন, উমাকান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরমধ্যেই ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার কাছে আবেদন করেছেন তিনি। ইমাকান্ত যদি এই ঘটনায় ক্ষমা না চান, তাহলে তার অভিনয়ের লাইসেন্স বাতিল করার সুপারিশ করেছেন তিনি।
‘সাংহাই’, ‘বাজাতে রহো’, ‘আর … রাজকুমার’-এর মতো সিনেমার আইটেম গানে অভিনয় করে বলিউডে পরিচিত পান ব্রিটিশ অভিনেত্রী স্কারলেট। ২০১৬তে তিনি বিয়ে করেন ভারতীয় টিভি তারকা প্রবেশ রানাকে।
