‘আমি বুঝিনা আজকের দিনে সেন্সর কতখানি প্রাসঙ্গিক’
ভারতের সেন্সরবোর্ড নিয়ে চলমান বিতর্কে এবার যোগ দিলেন অভিনেতা আমির খান। তিনি বলেছেন, এখনকার যুগে সেন্সরশিপের প্রাসঙ্গিকতা নিয়ে তার সন্দেহ রয়েছে।
তার পরবর্তী সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’-এর ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে আমির বলেন, “আজকের দিনে সেন্সরবোর্ডের প্রাসঙ্গিকতা আমি বুঝিনা। সে যাই হোক, সেন্সরবোর্ডের কাজ সিনেমার উপর কাঁচি চালানো নয়, বরঞ্চ কোন সিনেমা কোন বয়সের দর্শক দেখতে পারবেন- সেটা ঠিক করে দেওয়া।”
পেহলাজ নিহলানি সিবিএফসি’র (ভারতের সেন্সর বোর্ড) প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে বিগত বছরগুলোতে বেশ কয়েকটি সিনেমার মুক্তি আটকে দেওয়া সহ বিভিন্ন দৃশ্য ও সংলাপে কাঁচি চালানো নিয়ে বলিউডে সমালোচনা শুরু হয়েছে ।
চলতি বছরের প্রথম দিকে সেন্সরবোর্ডের জন্য একটি দিক নির্দেশনা প্রস্তাব করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা শ্যাম বেনেগালের নেতৃত্বাধীন একটি কমিটি। এই কমিটিরি সুপারিশ ছিল, সিনেমার উপর কাঁচি চালানো নয়, বরঞ্চ কোন সিনেমা কোন দর্শকশ্রেণির জন্য- সেটা ঠিক করতে একটি গ্রেডিং সিস্টেমের প্রচলন করার।
এ প্রসঙ্গে আমির বলেন, “আমার মনে হয় আমাদের এটাই করা উচিৎ। শ্যাম বেনেগালও এই পরামর্শই দিয়েছিলেন। আমি আশা করি আমরা সেদিকেই যাচ্ছি।”
সম্প্রতি অলঙ্কৃতা শ্রীবাস্তবের নারীবাদী সিনেমা ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ সিনেমাটির মুক্তি আটকে দিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছিল সিবিএফসি। পরবর্তীতে সিবিএফসির সঙ্গে এক দীর্ঘ লড়াই শেষে সিনেমাটি মুক্তি পায়।
