রবীন্দ্রনাথের মৃন্ময়ী যখন স্পর্শিয়া
ছোটপর্দার জন্য ফের নির্মিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে নাটক ‘সমাপ্তি’।
অপূর্ব বিএ পাশ করে কলকাতা থেকে নিজ গ্রামে যায়। সেখানে দেখা পায় চঞ্চল কিশোরী মৃন্ময়ীর। অপূর্বর মা চায়, ছেলেকে বিয়ে দিতে। এজন্য এক বাড়িতে মেয়ে দেখতে গিয়ে আবার মৃন্ময়ীর সাথে দেখা। বিয়ের জন্য মেয়ে দেখলেও মন দিয়ে বসে সে দুষ্টু মৃন্ময়ীকে। কিন্তু এই পাড়া বেড়ানো মেয়ের সাথে কিছুতেই বিয়ে দেবেন না মা। শুধু ছেলের মুখ চেয়ে বিয়েতে রাজি হন তিনি। বিয়ের পর মৃন্ময়ীকে বাড়ির বৌ হিসেবে গড়ে তুলতে গিয়ে নাকানি চুবানির শিকার হয় অপূর্ব ও তার মা। একপর্যায়ে হাল ছেড়ে দিয়ে কলকাতা চলে যায় অপূর্ব। মৃন্ময়ী চলে যায় তার বাবার বাড়ি। অপূর্বর মন কি কখনোই বুঝবে না মৃন্ময়ী?
স্পর্শিয়ার সঙ্গে নাটকটিতে জুটি বেঁধেছেন জনি। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস। মানিকগঞ্জের বালিয়াতি রাজপ্রাসাদে নাটকটির চিত্রধারণ হয়।
নির্মাতা বি ইউ শুভ বললেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে নাট্যরূপ করেছেন শফিকুর রহমান শান্তনু। বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি। আগামী ৬ আগষ্ট রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ নাটক ‘সমাপ্তি’।”
