২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিঙেই ঘুমিয়ে পড়লেন অমিতাভ

‘ওয়ান হান্ড্রেড টু অ্যান্ড নট আউট’-এর সেটে ঘুমের দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েন অমিতাভ বচ্চন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 07:02 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

অভিনয়ের প্রতি নিজের নিবেদনের ব্যাপারে বরাবরই বিখ্যাত বিগ বি। অনেকে বলেন যে কোনো দৃশ্যে শুটিঙের আগে এখনও ১৫ বার অনুশীলন করে নেন তিনি। কিন্তু এবার সিনেমার একটি দৃশ্যে ঘুমের অভিনয় করতে গিয়ে সত্যি সত্যিই দিবানিদ্রা দিলেন তিনি!

এ ব্যাপারে নিজের ব্লগেও লিখেছেন অমিতাভ। তিনি লিখেন, “ঘুম... এটা এমন এক ক্রিয়া, যা আমাদের জীবনে বেঁচে থাকা এবং শ্বাস নেওয়ার মতোই ধ্রুব সত্য। সেই ঘুমের অভাব পুষিয়ে নেওয়ার জন্য চিত্রনাট্যে যখন বিরল এক সুযোগ পাওয়া যায়, তখন তা আশীর্বাদের মতো মনে হয়। ওই মুহূর্তকে বরণ করে নিতে কেউ কেউ সত্যিই ঘুমিয়ে পড়ে, ওই দৃশ্যের ধারণ হওয়ার মধ্যেই।”

তিনি আরও লিখেছেন, “আমার ঘুম ছিল আসল। ওদেরকে পরে আমাকে ডেকে তুলতে হয়েছিল এটা বলতে যে, শুটিং শেষ হয়ে গেছে!”

অমিতাভের শুটিং সেটে ঘুমিয়ে পড়ার ছবি এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। সেখানে একটি মাংকি ক্যাপে কান ঢেকে সাধারণ কুর্তা পাজামায় শিশুদের মতো কুন্ডলি পাকিয়ে ঘুমিয়ে থাকতে দেখা গেছে তাকে।

ঘুমের মধ্যে অমিতাভ নাক ডেকেছিল কি? এ প্রশ্নের উত্তর এখন জানা না গেলেও পয়লা ডিসেম্বর সিনেমা মুক্তির পর সবকিছু জানা যাবে বলেই আশা করছেন দর্শকেরা।

‘ওয়ান হান্ড্রেড টু অ্যান্ড নট আউট’ সিনেমায় শতবর্ষী এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করছেন অমিতাভ। তার পঁচাত্তর বছর বয়সী পুত্রের ভূমিকায় দেখা যাবে ঋষি কাপুরকে।