অর্ধকোটি পেরিয়ে ‘কন্যা রে’
চলতি বছর ২৭ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এ প্রজন্মের কন্ঠশিল্পী শান-এর 'কন্যা রে' গানটি। মাত্র তিন মাসেই গানটি জয় করে নিয়েছে ৫০ লক্ষেরও বেশি দর্শক-শ্রোতার মন।
যৌতুকের দায়ে কন্যা দায়গ্রস্থ পিতার মান বাঁচাতে এগিয়ে আসেন এক যুবক। জীবনসঙ্গী হিসেবে হাত ধরেন বধূবেশি কন্যার। এমন কিছু দৃশ্যের ভেতর চিত্রায়িত হয়েছে সংগীতশিল্পী শান এর গান 'কন্যা রে'। অল্প ক'দিনের মধ্যে শ্রোতাদের কাছে নিজের গাওয়া গানটি ৫০লক্ষ বারের বেশি দেখা হওয়ার যেমন আনন্দিত শান, তেমনি সবার কাছে কৃতজ্ঞও তিনি।
তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে ‘কন্যা রে’ গানটি অল্প কয়েক দিনেই অর্ধকোটির ঘরে পৌঁছাল। কন্যা’রে গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা ও ভালোবাসা আমার সকল শ্রোতা-দর্শকদের, তাদের ভালোবাসা ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। আশা করছি ভবিষ্যতেও তাদের এই ভালোবাসা অব্যাহত থাকবে, যা আমাকে আরও ভালো গান করার ব্যাপারে উৎসাহী করবে।”
গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন- “কোনো গান অর্ধকোটিবার দেখার ব্যাপারটা সত্যি অনেক বড় একটা ঘটনা। গানটির সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি আশা করছি খুব তাড়াতাড়ি গানটি কোটি অথবা কোটির বেশি দেখার মাইলফলক স্পর্শ করবে। আর এভাবেই বাংলাদেশের গান বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে। জয় হোক বাংলা গানের।”
গানটি লিখেছেন এবং সুর করেছেন- এমআর খান আর সংগীত পরিচালনা করেছেন- রোকন ইমন। ‘কন্যা রে’ গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
