২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পর্দায় আসছেন ইলিয়াস কাঞ্চন

আবারো বড়পর্দায় হাজির হচ্ছেন নব্বইয়ের দশকের দাপুটে অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘বিজলি’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 09:11 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছিল ইলিয়াস কাঞ্চন অভিনীত চলচ্চিত্র ‘হঠাৎ দেখা।’ রবি ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা অবলম্বনে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি সেভাবে দর্শক টানতে পারেনি। মাস পাঁচেকের ব্যবধানে তিনি আবারো হাজির হচ্ছেন বড়পর্দায়।

নির্মাতা ইফতেখার চৌধুরীর ‘বিজলি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তিনি গ্লিটজকে জানালেন, “ছবিটির বাজেট ভালো। গল্পটাও দারুণ। দর্শকরা আশাকরি গ্রহণ করবে।”

আরো জানালেন, “ছবির ডাবিং বাকি ছিল। চলতি মাসেই ডাবিং শেষ হয়েছে। আর একদিনের শুটিংও বাকি ছিল। সেটাও শেষ হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা।”

ইলিয়াস কাঞ্চন ছাড়াও এতে আরো অভিনয় করেছেন ববি, ভারতীয় নবাগত মডেল রণবীর, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত প্রমুখ।

‘বিজলি’ ছাড়াও আরো দু’টি সিনেমায় কাজ করেছেন তিনি। এর মধ্যে একটি আছে নির্মাতা আবুল খায়ের বুলবুলের সিনেমা। ছবিটি নিয়ে ইলিয়াস কাঞ্চন গ্লিটজকে জানালেন, “ছবির কাজ অনেক আগেই শেষ হয়েছে। ছবিটা ঠিক কী কারণে রিলিজ পেল না ঠিক বলতে পারছি না।”

অন্যদিকে ‘ফাটাকেস্ট’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন সাজ্জাদুর রহমান (বাদল)। সেন্সরবোর্ড ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ তোলে। ফলে ছবিটি এখনো রিলিজ পায়নি। আদৌ কবে রিলিজ পাবে-এই প্রশ্নেরও কোনো উত্তর নেই তার কাছে।