২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যানিটি ফেয়ারের উপর চটলেন জোলি

কিছুদিন আগে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে লেখা হয়েছিল, নতুন সিনেমার শিশুশিল্পী নির্বাচনে শিশুদের দিয়ে অর্থ চুরি করিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। ওই সাক্ষাৎকার নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর জোলি দাবি করলেন তার সাক্ষাৎকারের ওই অংশটুকু ভুলভাবে উপস্থাপন করেছে ম্যাগাজিনটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 09:09 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

ভ্যানিটি ফেয়ারে প্রকাশিত সাক্ষাৎকারে জোলিকে উদ্ধৃত করে লেখা হয়েছিল, ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’ সিনেমার একটি শিশু চরিত্রের জন্য কয়েকজন শিশুর সামনে মোটা অঙ্কের অর্থ রেখে বলা হয়েছিল এটি চুরি করতে। পরে এব্যাপারে জানতে চাওয়া হলে তারা যেন বানিয়ে বানিয়ে একটি করে গল্প বলে।

এভাবে শিশু অভিনেতা নির্বাচনের বিষয়টি পছন্দ করেননি অনেকেই। সাক্ষাৎকারটি প্রকাশিত হবার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠকেরা অভিযোগ করেছেন এভাবে শিশুদের মধ্যে চৌর্যবৃত্তি ও মিথ্যা বলার অভ্যাসকে প্রশ্রয় দিচ্ছেন জোলি। 

ভ্যারাইটি ডটকমকে এ ব্যাপারে জোলি বলেন, “এটা ছিল সিনেমাটির একটি দৃশ্যের অভিনয় অনুশীলন।”

তিনি আরও বলেন, “যেভাবে লেখা হয়েছে যে, সত্যিকারের অর্থ অডিশনের সময় একটি শিশুর কাছ থেকে আরেকটি শিশুকে চুরি করতে বলা হয়েছে- এটা মিথ্যা এবং ভুলভাবে উপস্থাপিত। আমি নিজেই এরকম ঘটনায় ক্ষুব্ধ হতাম, যদি এটা সত্যিই ঘটতো।”

ওই চরিত্রের জন্য পরবর্তীতে নির্বাচন করা হয় শ্রেই মশ নামের এক কম্বোডিয়ান শিশুকে।

লউং আং রচিত একই নামের ২০০০ সালের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে জোলির সাম্প্রতিকতম সিনেমা ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’। সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।