২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিস্টোফার নোলানের সেরা পাঁচ

মাত্র ছয় হাজার ডলার দিয়ে শুরু করেছিলেন সিনেমা নির্মাণে নিজের পথচলা; প্রায় দুই দশক পেরিয়ে ক্রিস্টোফার নোলান এখন সিনেমাজগতের অন্যতম সমীহ করার মতো নাম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 09:39 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

ব্রিটিশ নির্মাতা নোলান ১৯ বছরে তৈরি করেছেন মোটে ১১ টি সিনেমা। আর তাতেই তাকে ধরা হয় সর্বকালের সেরা নির্মাতাদের সংক্ষিপ্ত তালিকার একজন হিসেবে। তার সর্বশেষ সিনেমা ‘ডানকার্ক’ কেবল বক্স অফিসই নয়, আরও একবার জয় করে নিয়েছে সমালোচকদের মনও।  আর এতোকিছু অর্জন করা এই নির্মাতা নাকি এখনও পঞ্চাশও পেরোননি!

৪৭ তম জন্মদিনে চলুন জেনে নিই এই নির্মাতার সেরা পাঁচ সিনেমার কথা

১. দ্য ডার্ক নাইট

ক্যারিয়ার জুড়েই বিচিত্রসব বিষয় নিয়ে সিনেমা বানালেও সাধারণ দর্শকের কাছে ক্রিস্টোফার নোলানের পরিচয় ব্যাটম্যানকে পুনর্জীবন দান করার নির্মাতা হিসেবে। ‘ব্যাটম্যান বিগিন্স’-এর মাধ্যমে ক্রিশ্চিয়ান বেলকে তিনি পরিয়েছিলেন ব্যাট স্যুট; কিন্তু দর্শক এখনও মনে রেখেছেন এই সিরিজের দ্বিতীয় সিনেমার ভিলেন জোকারের কথা। অত্যন্ত জটিল মনস্তত্বের এই চরিত্রে এতোটাই ভালো অভিনয় করেন হিথ লেজার যে তার মৃত্যুও বাধা হয়ে দাঁড়াতে পারেনি পরের বছরের জন্য তার অস্কার জেতায়।

আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট-এর সর্বকালের সেরা ভিলেইনদের তালিকায় সবাইকে পেছনে ফেলে এক নম্বরে অবস্থান করছে হিথ লেজারের জোকার।  আর একারণেই ‘দ্য ডার্ক নাইট’কে নোলানের তৈরি এক নম্বর সিনেমার খেতাব দিয়ে থাকেন অনেকেই।

২. ডানকার্ক

এতোদিন ধরে কল্পকাহিনি নিয়ে সিনেমা বানানোর পর নোলান এবারে দেখিয়ে দিলেন বাস্তব ঘটনাকেও সিনেমার মোড়কে কতটা মুন্সিয়ানা নিয়ে উপস্থাপন করতে পারেন তিনি! দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা নিয়ে তৈরি এই সিনেমাটিতে অস্ত্রের ঝনঝনানি আর রক্তের বন্যা দেখানোর বদলে নোলান মনোনিবেশ করলেন যুদ্ধের কারণে তৈরি হওয়া মানবিক বিপর্যয়ের দিকে। সিনেমাজুড়েই ছোট ছোট ঘটনা দেখানোর মাধ্যমে তিনি ‍তুলে এনেছেন ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধকে, যেখানে নয়দিনের লড়াইয়ে মৃত্যু হয়েছিল নাৎসি ও মিত্রবাহিনির কয়েকহাজার সৈন্যের।

 

৩. ইনসেপশন

ক্রিস্টোফার নোলানের এই সিনেমা সম্পর্কে অধিকাংশ দর্শকের মতামত, একবার দেখে ‘ইনসেপশন’-এর অর্ধেকও বোঝা সম্ভব নয়! ২০১০ সালের এই সিনেমা দিয়ে নোলান প্রমাণ করেছিলেন নিজের সময়ের চেয়ে কতখানি এগিয়ে তার নির্মাণভাবনা! লিওনার্দো ডি ক্যাপ্রিও আর মারিওন কোতিয়াহ’র অনবদ্য অভিনয় ছিল সিনেমার অন্যতম আকর্ষণ।

 

৪. ইন্টারস্টেলার

একের পর এক থ্রিলার বানিয়ে এই ধারার প্রথম সারির নির্মাতা যখন নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন নোলান, ঠিক সেই সময়ই তিনি তৈরি করলেন ‘ইন্টারস্টেলার’-এর মতো একটি এপিক সাইফাই ড্রামা। ২০১৪ সালের এই সিনেমা দিয়ে পৃথিবীর গণ্ডি পেরিয়ে তিনি চলে গেলেন মহাকাশের সীমানায়। ম্যাথু ম্যাককোনাহে, অ্যান হ্যাথওয়ে আর জেসিকা চ্যাস্টেইনদের অভিনয় সিনেমাটিকে দিয়েছে অনন্য মাত্রা।

 

৫. মেমেন্টো

১৭ বছর আগে যখন ‘মেমেন্টো’ তৈরি করছিলেন নোলান, তখনও সিনেমা জগতে নিজেকে প্রমাণের অনেক কিছুই বাকি তার। কিন্তু প্রায় অচেনা সব শিল্পীদের নিয়ে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এক সাইকো-থ্রিলার গল্প শোনালেন নোলান। পরবর্তীতে এটাই হয়ে গেল নোলানের সিনেমা নির্মাণের ধারা।