আনোয়ারার পাশে কেউ নেই
ব্রেইন স্ট্রোক করেছেন আটবার চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আনোয়ারার স্বামী। স্বামীর চিকিৎসার জন্য প্রযোজকদের কাছে পাওনা টাকা চেয়েও কোনো সাড়া পাননি তিনি।
১৩ জুলাই তার স্বামী মহিতুল ইসলাম ব্রেইন স্ট্রোক করেন। রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. দীন মোহাম্মদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। সেখান থেকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
আনোয়ারা গ্লিটজকে জানালেন, “উনার বাম হাত প্যারালাইজড হয়ে গেছে। প্রচুর টাকার ওষুধ কিনতে হবে। কিন্তু এতো টাকা পাবো কোথায়?”
জানালেন, “কোনো প্রডিউসারই এখনো আমার টাকা পরিশোধ করেনি। টাকাগুলো পেলে দ্রুত চিকিৎসা পেতাম। কিন্তু এখন আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে।”
তার দুঃসময়ে পাশে নেই শিল্পীদের সংগঠন শিল্পী সমিতি। প্রডিউসারদের কাছ থেকে টাকা তুলতে সংগঠনটির কোনো উদ্যোগ চোখে পড়েনি এখনও।
এব্যাপারে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর শুরুতে খানিকটা দায় এড়ালেন।
বললেন, “উনি তো টাকা পাবেন প্রডিউসারদের কাছ থেকে। প্রডিউসার সমিতি তো অচল। সেক্ষেত্রে টাকা তোলাটা খুব টাফ। আর উনি তো আমাদের এখনো বিষয়টা জানাননি। উনি না জানালে আমরা কিভাবে উদ্যোগ নেবো?”
পরে বললেন, “যদি উনি আমাদের বিষয়টি অবহিত করেন, সেক্ষেত্রে অবশ্যই পদক্ষেপ নেবে শিল্পী সমিতি।”
শুধু শিল্পী সমিতিই নয়, অন্যান্য সমিতিগুলোও একেবারে চুপ!
নায়িকা হিসেবে আনোয়রা প্রথম অভিনয় করেন ১৯৬৭ সালে উর্দু ছবি সৈয়দ আউয়াল ও শিবলী সাদিক পরিচালিত ‘বালা’তে। খান আতাউর রহমান পরিচালিত ‘নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় আলেয়া চরিত্রে অসাধারণ অভিনয় করে সর্বস্তরের দর্শকের প্রশংসা পান তিনি। আনোয়ারা সর্বশেষ বছর দুয়েক আগে জাহাঙ্গীর আলম সুমনের নির্দেশনায় ‘সোনা বন্ধু’ চলচ্চিত্রে অভিনয় করেন।
