আমাদের জীবন ছিলো রূপকথার মতো: টালিন্ডা বেনিংটন
লাখো ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় রক ব্যান্ড ‘লিঙ্কন পার্ক’এর লিড ভোকালিস্ট চেস্টার বেনিংটন। ২০ জুলাই লস অ্যাঞ্জেলসে নিজ বাস ভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। এ তারকাকে নিয়ে স্মৃতিচারণা করলেন তার স্ত্রী টালিন্ডা বেনিংটন।
২০০৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টালিন্ডা ও চেস্টার। ১১ বছরের দাম্পত্য জীবনে তাদের রয়েছে তিন সন্তান। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে চেস্টারের সঙ্গে কাটানো সময়গুলোকে ‘রূপকথার মতো’ বলে মন্তব্য করেন তার স্ত্রী। তার ও তার তিন সন্তানের জন্য চেস্টারের অকালে চলে যাওয়ার ক্ষতি অপূরণীয় বলেও মন্তব্য করেন তিনি।
ইউএস উইকলি’কে দেওয়া সাক্ষাতকারে টালিন্ডা বলেন, “চেস্টার চলে গেছে কিন্তু তার স্মৃতি রয়ে গেছে। তার চলে যাওয়া আমার ও আমাদের সন্তানের জন্য অপূরণীয় ক্ষতি। বাচ্চাদের কাছে তাদের বাবা ছিলো ‘নায়ক’। চেস্টারকে হারানোর শোক আমরা এখনা কাটিয়ে উঠতে পারিনি।”
তিনি আরও বলেন, “চেস্টার ছিলো আমার আত্মাসঙ্গী। আমাদের জীবন ছিলো রূপকথার মতো। হঠাৎ করেই যেন তা শেক্সপিয়ারের কোনো দুঃসহ ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। সে ছিলো একজন আলোকিত মনের মানুষ। তার অপূর্ব ঐশ্বরিক কন্ঠ সহজে ভোলার নয়। ভক্তদের কষ্ট আমি বুঝতে পারি। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিক।”
২০ জুলাই চেস্টারের প্রিয় বন্ধু ও ‘সাউন্ডগার্ডেন’ ব্যান্ডের লিড ভোকালিস্ট ক্রিস কর্নেলের ৫৩ জন্মদিন ছিলো। চলতি বছরের ১৮মে আত্মহত্যা করেন এ সংগীত তারকা। প্রিয় বন্ধুর জন্মদিনে তার দেখানো পথ ধরেই আত্মহত্যার দিকে পা বাড়ান চেস্টার।
