২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এর বেশি আর পাওয়ার নেই’

কিংবদন্তি অভিনেত্রী ববিতা ৬৪ বছরে পা দিলেন আজ (৩০ জুলাই)। জন্মদিনে গ্লিটজকে বললেন, “মানুষের ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 07:17 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

রাত বারোটার পর থেকেই সহকর্মী, ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। আর দিনটি শুরু হয়েছে কানাডায় বসবাসরত পুত্র অনিকের সঙ্গে স্কাইপে কথা বলে। ভার্চুয়ালি কথা হলেও এইদিন ছেলেকে ভীষণ মিস করছেন। গ্লিটজকে বললেন, “ছেলেটা পাশে না থাকলে কিছুই ভালো লাগে না। মিস করছি ওকে।”

দিনটিকে ঘিরে আলাদাভাবে কোনো পরিকল্পনা নেই তার। একদম সাদামাটা আয়োজনেই কাটছে। বেশ কয়েক বছর ধরে অনেকটা নীরবেই দিনটি কাটাচ্ছেন তিনি।

তবে কুড়ি বছর আগে তার জন্মদিনগুলো ছিল উৎসবমুখর আর ঝাঁ চকচকে। তখন ববিতার ক্যারিয়ারও ছিল রঙিন। তুমুল ব্যস্ততার মাঝেও এই একটি দিনে সিনেমার মানুষদের পুনর্মিলনী হত। কে আসতো না অনুষ্ঠানে? নায়কা-নায়িকা, পরিচালক থেকে টেকনিশিয়ান-কেউই বাদ থাকতো না অতিথির তালিকায়। সেই দিনগুলি ভীষণ মিস করেন তিনি।

পঞ্চাশ বছরেরও বেশি সময় কাটিয়েছেন অভিনয়ে। ৭০-৮০ দশকে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন বিশ্বজুড়ে। সাকুল্যে ২৫০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে তার প্রাপ্তির ঝুলিটাও বেশ সমৃদ্ধ।

এই জীবনে কোনো অপূর্ণতা আছে? ববিতা বললেন, “অপূর্ণতা নেই। খুব অল্প বয়সে চলচ্চিত্র জগতে এসেছি। জহির রায়হান, খান আতাউর রহমান, সত্যজিৎ রায়ের মতো বিখ্যাত পরিচালকদের সিনেমায় কাজ করেছি। কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। এর বেশি আর পাওয়ার কিছু নেই। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

ববিতার আসল নাম ফরিদা আক্তার পপি। ১৯৫৩ সালে বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্ম নেন। বড়বোন সুচন্দার অনুপ্রেরণায় চলচ্চিত্রে নাম লেখান ববিতা। ১৯৬৮ সালে জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিষেক ঘটে। ছবিতে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র জগতে তাঁর প্রাথমিক নাম ছিলো ‘সুবর্ণা’। জহির রায়হানের ‘জ্বলতে সুরজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তাঁর নাম ‘ববিতা’ হয়ে যায়।

দীর্ঘদিন ধরেই তিনি সিনেমায় অনিয়মিত । সর্বশেষ তার মুক্তিপ্রাপ্ত ছবি নার্গিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’(২০১৫)।