সঞ্জয় দত্তের সেরা পাঁচ
‘রেশমা অর শেরা’ সিনেমায় শিশু চরিত্রের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন সঞ্জয় দত্ত। এরপর একে একে অভিনয় করেছেন ‘খলনায়ক’, ‘সাজন’, ‘দা্উদ’, ‘দুশমন’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘অগ্নিপথ’ সহ অগণিত সাড়াজাগানো সিনেমায়। সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ভূমি’। ২৯ জুলাই ৫৮তম জন্মদিনে জেনে নিন এ তারকার সেরা পাঁচটি চরিত্রের কথা।
রোমান্টিক, কমেডি, অ্যাকশন কিংবা খলনায়ক- সব চরিত্রেই অনবদ্য সঞ্জয় দত্ত। অভিনয় দিয়ে নিজের জাত চেনানো এ তারকা মধ্যিখানে ছিলেন বলিউডের রূপালি জগত থেকে দূরে। ভারত সরকারের দেওয়া অস্ত্র মামলায় গত কয়েক বছর কাটিয়েছেন কারাগারে। চলতি বছর মুক্তি পেয়েই ফিরে এসেছেন অভিনয়ে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে সুনাম কুড়ানোর পাশাপাশি জড়িয়েছেন নানা বিতর্কে। তবুও দর্শকের হৃদয়ে আজও টেউ তোলে এ তারকার অসাধারণ কিছু চরিত্র।
১. সড়ক:
১৯৯১ সালের সাড়াজাগানো রোমান্টিক থ্রিলার ‘সড়ক’। পূজা ভাট ও সঞ্জয় দত্ত অভিনীত এ সিনেমাটি নানা কারণেই আলোচনার জন্ম দিয়েছিলো সে সময়। এ ছবিতে রবি নামের এক ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে সঞ্জয়ের অনবদ্য অভিনয় নজর কেড়েছিলো সকলের।
অবিশ্বাস্য হলেও সত্যি এক সময় রীতিমতো রোমান্টিক হিরো’র ভূমিকায় দেখা গেছে ‘সঞ্জু বাবা’কে। ১৯৯১ সালের সাড়াজাগানো রোমান্টিক সিনেমা ‘সাজন’এ বলিউড অভিনেত্রী মাধুরীর বিপরীতে প্রশংসিত হয়েছিলো সঞ্জয়ের অভিনয়। এমনকি এ ছবির পর মাধুরী ও সঞ্জয় দত্তকে নিয়ে প্রেমের গুজবও চাউর হয়েছিলো বলিউড পাড়ায়!
‘খলনায়ক’ সিনেমাটিকে সঞ্জয় দত্তের যুগান্তকারী সিনেমা হিসেবে ধরা হয়। ১৯৯৩ সালের এ অ্যাকশন সিনেমায় বলরাম রাকেশ প্রকাশ ওরফে ‘বল্লু’ নামের এক খলনায়কের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন সঞ্জয়। এ ছবির মাধ্যমে প্রথম খলনায়ক হিসেবে পরিচিতি পান তিনি। এরপর বিভিন্ন সিনেমায় তাকে দেখা গেছে সাহসী ও নেতিবাচক চরিত্রে অভিনয় করতে।
সঞ্জয় দত্তেকে সর্বাধিক জনপ্রিয়তা এনে দেয় রাজকুমার হিরানীর ‘মুন্নাভাই এমবিবিএস’ সিনেমাটি। ২০০৩ সালের অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমা হিসেবে বিবেচিত হয় এটি। এ ছবির পরবর্তী সিকুয়্যাল ‘লাগে রাহো মুন্নাভাই’ও দর্শকপ্রিয়তা পায়। সামনেই শুরু হবে এ ছবির তৃতীয় কিস্তি ‘মুন্নাভাই চলে আমেরিকা’। ভারতের অন্যতম সেরা কমেডি চরিত্র হিসেবে বিবেচিত হয় সঞ্জয় দত্তের ‘মুন্নাভাই’ চরিত্রটি।
২০১২ সালের অ্যাকশন থ্রিলার ‘অগ্নিপথ’এ সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেছে সঞ্জয়কে। জনপ্রিয়তার মূল নায়ক হৃতিক রোশানকে টপকে গেছে এ সিনেমায় সঞ্জয় দত্ত অভিনীত দুর্ধর্ষ অপরাধী চরিত্র ‘কাঞ্চা’। এ ছবির মাধ্যমে যেন আরও একবার নিজেকে চিনিয়েছিলেন ‘খলনায়ক’ তারকা। নেতিবাচক চরিত্রের এমন অসাধারণ রূপায়ণ কেবল মাত্র সঞ্জয়ের পক্ষেই সম্ভব!
