মাধুরীকে নিয়ে টিভি সিরিজ বানাবেন প্রিয়াঙ্কা?
মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবারে নতুন এক টিভি সিরিজ প্রযোজনায় হাত দিচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, সিরিজটি তৈরি হবে আরেক ভারতীয় অভিনেত্রী মাধুরী দিক্ষীত-এর জীবনকাহিনী অবলম্বনে
মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি বলছে, এক বলিউড অভিনেত্রীর ভারত ত্যাগ ও যুক্তরাষ্টের একঘেয়ে জীবনকে প্রাণবন্ত করে তোলার গল্প নিয়ে তৈরি হবে একটি নতুন টিভি সিরিজ। মার্কিন টিভি চ্যানেল ‘এবিসি’র জন্য এ সিরিজটি প্রযোজনা করছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
প্রিয়াঙ্কার পাশাপাশি বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিতের জীবনের সত্যি ঘটনা নিয়ে নির্মিতব্য এ সিরিজটি প্রযোজনা করছেন মাধুরীর স্বামী শ্রীরাম নেনে ও ‘কোয়ান্টিকো’র প্রযোজনা সংস্থা এমজিসি। নাম চূড়ান্ত না হওয়া এ সিরিজটির চিত্রনাট্য লিখবেন জনপ্রিয় টিভি সিরিজ ‘জেনারেল হসপিটাল : নাইট শিফ্ট’য়ের রচয়িতা শ্রী রাও।
চলতি বছর ‘বেওয়াচ’ সিনেমার মাধ্যমে হলিউডে প্রবেশ করেন প্রিয়াঙ্কা চোপড়া। এ মুহূর্তে লিয়াম হেমসওয়ার্থের বিপরীতে ‘ইজন্ট ইট রোমান্টিক’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সামনেই আরেক হলিউড সিনেমা ‘আ কিড লাইক জেইক’য়েও দেখা যাবে তাকে।
