২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় মনিপুরি থিয়েটারের তিনদিন

মনিপুরি সংস্কৃতি ও ভাষা রক্ষায় দলগতচর্চায় দুই দশক ধরে কাজ করছে সিলেটের কমলগঞ্জের নাটকের দল মণিপুরি থিয়েটার। তিন দিনের ঝটিকা সফরে ঢাকায় এসেছে দলটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 06:01 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

তিনদিনের এই সফরে তিনটি নাটক মঞ্চস্থ করবে দলটি। ২৮ জুলাই, শুক্রবার তারা অংশ নেয় লোকনাট্যদল আয়োজিত পাঠাভিনয় উৎসবে। দলের অভিনয়শিল্পী জ্যোতি সিনহা শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে পাঠাভিনয়ে অংশ নিয়ে উপস্থাপন করেন ‘রুধিররঙ্গিনী’ নাটকের কিছু অংশ।

২৯ জুলাই জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সরকারি সংগীত কলেজ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘হাজার বছরের বাংলা গান’ অনুষ্ঠানে শ্রীকৃষ্ণকীর্তন–এর ‘নৌকাখণ্ড’ মঞ্চায়িত হবে।

এছাড়া ৩০ জুলাই সন্ধ্যায় স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে ‘কহে বীরাঙ্গনা’। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা’ কাব্য অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। মহাভারতের নারী চরিত্র ‘শকুন্তলা’, ‘দ্রৌপদী’, ‘দুঃশলা’ ও ‘জনা’কে নিয়ে তৈরি হয়েছে এই নাটকের গল্প। এতে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা।

২০১০ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ‘কহে বীরাঙ্গনা’র প্রথম প্রদর্শনী হয়। এর পর ভারত ও বাংলাদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসা অর্জন করে।

সেরা মঞ্চনাটক হিসেবে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রদত্ত আব্দুল জব্বার খান পদক অর্জন করে ‘কহে বীরাঙ্গনা’। এ ছাড়া ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে আসাম ও ত্রিপুরায় নাটকটির প্রদর্শনী হয় এবং ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার আমন্ত্রণে নাটকটির বিশেষ প্রদর্শনী হয় কলকাতায়।

নাটকটিতে জ্যোতি সিনহার সঙ্গে ভাবমুদ্রা রূপায়ণে রয়েছেন স্মৃতি সিনহা, অরুণা সিনহা ও প্রিয়াঙ্কা সিনহা। সংগীতে রয়েছেন শর্মিলা সিনহা, বাদ্যে রয়েছেন বিধান চন্দ্র সিংহ ও বাবুচাঁন সিংহ।

১৯৯৬ সালে ২৬ সেপ্টেম্বর জন্ম নেওয়া মনিপুরি থিয়েটারের শেকড় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঘোড়ামারা গ্রামে। সেখানকার মনিপুরি সম্প্রদায়ের অধিবাসিদের নিয়ে গড়ে উঠেছে দলটির কার্যক্রম। মনিপুরি সংস্কৃতির আঙ্গিক ও উপাদানগুলো অক্ষুণ্ন রাখতেই মঞ্চে দলগতভাবে দীর্ঘদিন ধরে নাট্যচর্চা করে যাচ্ছে দলটি। ২০ বছরের পথ চলায় ত্রিশটি প্রযোজনার মধ্যে ১৮টি নাটকই মনিপুরি ভাষায়, দশটি বাংলা ও দুটি উভয় ভাষার মিশ্রনে তৈরি হয়েছে।